
কঠিন পরীক্ষার মুখে মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ
শেষ আপডেট: 21 January 2025 20:14
দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার (২১ জানুয়ারি) দুর্বল চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। শুরু থেকে বিপক্ষ দলের টুঁটি চেপে ধরেছে। প্রথম ১৫ মিনিট কাটতে না কাটতেই বল দখলের লড়াইয়ে ৮০ শতাংশ এগিয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু, তারপর এই সংখ্যাটা ক্রমশ ৫০-৫০ হতে শুরু করে। যদিও এই ম্য়াচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি।
এই ম্যাচের প্রথম ৪৫ মিনিট বিক্ষিপ্ত স্ফুলিঙ্গ ছাড়া দুটো দলের মধ্যেই কার্যত নির্বিষ ফুটবল দেখতে পাওয়া গেল। তবে ম্য়াচের ২২ মিনিটে প্রীতম কোটালের বাড়ানো বল থেকে গোল করার সুযোগ পেলেছিলেন চেন্নাইন এফসি-র উইলমার জর্ডন। তিনি হেড দিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়।
২৬ মিনিটে ফিরতি সুযোগ পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টও। বল বাড়িয়েছিলেন দীপক টাংরি। ৩৫ গজ দুরত্ব থেকে ডান পায়ে জোরাল শট মারেন অভিষেক সূর্যবংশী। কিন্তু, সেই শট অবশেষে প্রতিহত হয়।
৩৪ মিনিটে ফের মেরিনার্স ডিফেন্সকে চ্যালেঞ্জ জানায় চেন্নাইন এফসি। উইলমার জর্ডনের বাঁ পায়ের শট বাঁ-দিকের পোস্টে প্রতিহত হয়ে ফিরে আসে। ফিরতি বলে আবারও শট নিয়েছিলেন কিয়ান নাসিরি। তাঁর বাঁ পায়েও শটটাও কোনওরকমে আটকায় বাগানের রক্ষণভাগ।
গত ম্যাচে (১৭ জানুয়ারি) জামশেদপুর এফসি-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল মেরিনার্সরা। বেশ কয়েকটা গোলের সুযোগ হাতছাড়া করার কারণে সবুজ-মেরুন ব্রিগেডকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। যদিও শেষপর্যন্ত ম্যাচটা ১-১ গোলে ড্র হয়ে যায়। এই মরশুমে মেরিনার্সরা এখনও পর্যন্ত ৩১ গোল করেছে। এই ম্য়াচের দ্বিতীয়ার্ধে তারা গোলের দরজা খুলতে পারে কি না, সেই অপেক্ষাতেই আপাতত বসে রয়েছেন বাগান সমর্থকরা।