
শেষ আপডেট: 22 November 2023 22:00
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে জয়ের আনন্দে মাতোয়ারা আর্জেন্টিনা শিবির। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নীল-সাদা ব্রিগেডের সমর্থকরাও সাম্বাদের হারিয়ে উল্লসিত। এরমধ্যেই দলকে এবং সমর্থকদের বড় ধাক্কা দিলেন কোচ লিওনেল স্কালোনি।
তিনি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে আর্জেন্টিনা দলের কোচের পদে তিনি আর থাকবেন কিনা নিশ্চিত নন। নতুন করে দলকে কিছু দেওয়ার না থাকলে কোচের পদ ছাড়তে পারেন বলেও জানিয়েছেন স্কালোনি।
ব্রাজিলকে হারানোর পর সাংবাদিক সম্মেলনে এসে আর্জেন্টিনা কোচ বলেন, "আমি ঠিক বিদায় জানাতে চাই না। তবে আমাকে ভাবতে হবে যে আমি সবার মধ্যে যে চাহিদা তৈরি করে দিয়েছি, সেটা আর পূরণ করা সম্ভব হবে কিনা। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছি। তবে সবসময় এরকম জয় যে পাবই, এমন নিশ্চয়তা নেই। তাই আমি কোচের পদে ভবিষ্যতে আর থাকব কিনা ভাবছি।"
উল্লেখ্য, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে রাউন্ড অফ ১৬-র লড়াইয়ে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এরপরই হেড কোচের পদ থেকে সরানো হয় জর্জে সাম্পাওলিকে। তাঁর জায়গাতেই মেসির সুপারিশে আসেন স্কালোনি। সাম্পাওলির সহকারী হিসাবে কাজের অভিজ্ঞতা নিয়েই আলবিসেলেস্তেদের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। এরপর আর্জেন্টিনা দলের অবিশ্বাস্য উত্থান দেখেছে ফুটবল বিশ্ব। ধীরে ধীরে নিজের হাতে গড়ে তোলেন দলকে। আর ২০২১ থেকে সেই দল রীতিমতো ফুল ফোটাচ্ছে সবুজ মাঠে।
স্কালোনির এমন সাফল্যের হার দেখে দেরি করেনি আর্জেন্টিনা ফুটবল নিয়ামক সংস্থা। কাতারে বিশ্বকাপ জেতার পর দেশে ফিরেই তাঁর সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানো হয়। তবে এবার তাঁর মুখে যা শোনা গেল, তাতে তিনি আদৌ ২০২৬ বিশ্বকাপ অবধি হেড কোচের পদে থাকবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন এটাই দেখার, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কি তাহলে স্কালোনির সঙ্গে চুক্তি শেষ করে দেবে নাকি বিশ্বকাপ অবধিই দায়িত্ব সামলে বিদায় নেবেন বিশ্বকাপজয়ী কোচ।