
চেনা ছন্দে ইয়ামি ইস্টবেঙ্গল।
শেষ আপডেট: 7 July 2024 21:21
দা ওয়াল ব্যুরো: চেনা ছন্দে ইয়ামি ইস্টবেঙ্গল। তারা কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে ৩–১ ব্যবধানে জিতে ডার্বির আগে চাঙ্গা লাল হলুদ দল।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোল তিনটি করেন জেসিন টিকে, সায়ন ব্যানার্জি ও নাসিব রহমান।
লিগ অভিযানের শুরুতেই টালিগঞ্জ অগ্রগামীকে উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে সহজ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে জয় পেতে অবশ্য বেগ পেতে হল লাল–হলুদকে। প্রথমে পিছিয়ে পড়েও ৩–১ ব্যবধানে জিতে নিল লাল হলুদ দল। জর্জের গোলটি অমিত এক্কার।
ডার্বির আগে ইস্টবেঙ্গলের কাছে এটাই ছিল শেষ খেলা। এদিন কৌশল করে দল সাজিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। রক্ষণে মনোতোষ চাকলাদারের পরিবর্তে শুরু থেকেই মাঠে নামান চেন্নাইন এফসি থেকে এই মরশুমে যোগ দেওয়া সার্থক গোলুইকে। বিরতিতে একেবারেই ছন্দে দেখা যায়নি ইস্টবেঙ্গলকে। মাঝমাঠ চূড়ান্ত ব্যর্থ।
ইস্টবেঙ্গলের সামনে গোল করার মতো প্রথম সুযোগ এসেছিল ম্যাচের ২৬ মিনিটে। আমন সিকে–র শট জর্জ টেলিগ্রাফের গোলকিপার কেশব ধাড়ার হাত থেকে বেরিয়ে আসে। ফিরতি বলে আবার শট নিয়েছিলেন আমন সিকে। বল পোস্টে লাগে।
৩৪ মিনিটে এগিয়ে যায় জর্জ টেলিগ্রাফ। অমিত এক্কার নেওয়া শট রাকেশের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। সুযোগও তৈরি হয়। নাসিব রহমানের কর্নারে সুবিধাজনক জায়গায় পেয়েও বল গোলে রাখতে পারেননি। রোশলের একটা শট জর্জ ডিফেন্ডার আকাশের পায়ে লেগে গোলে ঢোকার মুখে ঝাঁপিয়ে বাঁচান গোলকিপার কেশব। প্রথমার্ধের শেষ মুহূর্তে জেসিন টিকের বাঁপায়ের দুরন্ত শট সাইডনেটে আছড়ে পড়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই তিন–তিনটি পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। এতেই বদলে যায় লাল–হলুদ।
খেলার ৪৭ মিনিটে সমতা ফেরান জেসিন টিকে। শ্যামলের বেসরার শট পোস্টে লেগে ফিরে আসার পর দারুণ ফলো করেন জেসিন। একেবারে লাইনের ধারে বল ধরে শট নেন। জেসনের শট ছুটে এসে গোললাইন থেকে ফেরানোর চেষ্টা করেন আকাশ। কিন্তু ব্যর্থ হন। তাঁর পায়ে লেগে বল জালে জড়িয়ে গিয়েছে।
বিরতির পর লাল হলুদের খেলায় ছন্দ ফিরে এসেছে। দুই ম্যাচ জিতে ডার্বির আগে চাঙ্গা বিনো জর্জের ছেলেরা।