এই বছর ফ্যাশন (Fashion Look 2025) শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; তা হয়ে উঠেছে গল্প বলার মাধ্যম, যেখানে ফুটে উঠেছে দেশের সংস্কৃতি, ঐতিহ্য আর আত্মপরিচয়।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 22 December 2025 19:13
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সাল ভারতীয় ফ্যাশনের জন্য নিঃসন্দেহে এক স্মরণীয় বছর। এই এক বছরে এমন কিছু ফ্যাশন মুহূর্ত তৈরি হয়েছে, যা শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের আলাদা পরিচিতি গড়ে দিয়েছে (Indian celebrities fashion)। রেড কার্পেট হোক বা এয়ারপোর্ট লুক, কিংবা পপ-কালচারের মঞ্চ—সব ক্ষেত্রেই ভারতীয় তারকা ও ডিজাইনাররা এমন স্টাইল স্টেটমেন্ট তুলে ধরেছেন, যা মুহূর্তে নজর কেড়েছে বিশ্বজুড়ে। এই বছর ফ্যাশন (Fashion Look 2025) শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; তা হয়ে উঠেছে গল্প বলার মাধ্যম, যেখানে ফুটে উঠেছে দেশের সংস্কৃতি, ঐতিহ্য আর আত্মপরিচয়।
শাহরুখ খানের মেট গালা লুক

২০২৫ সালের সবচেয়ে আলোচিত ফ্যাশন মুহূর্তগুলির মধ্যে অন্যতম ছিল শাহরুখ খানের মেট গালা ডেবিউ লুক (Shah Rukh Khan Met Gala)। আন্তর্জাতিক রেড কার্পেটে তাঁকে দেখা যায় সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা বিশেষ পোশাকে। ফ্লোর-লেন্থ লম্বা কালো কোট, সূক্ষ্ম কাজ আর এলিগেন্ট কাট- সব মিলিয়ে এই লুক ভারতীয় রাজকীয় ভাবনা ও আধুনিক আন্তর্জাতিক ফ্যাশনের সুন্দর মেলবন্ধন তৈরি করে। বলিউড বাদশার এই লুক বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিল।
দিলজিৎ দোসাঞ্জের মেট গালা চমক

মেট গালায় আরেক বড় চমক ছিলেন সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ। প্রবাল গুরুং-এর ডিজাইন করা মহারাজা-অনুপ্রাণিত পোশাক, পাগড়ি আর তলোয়ার হাতে তাঁর উপস্থিতি আলাদা করে নজর কাড়ে। এই লুক এতটাই জনপ্রিয় হয় যে 'ভগ' ম্যাগাজিনের সেরা পোশাকের তালিকায় তিনি জেন্ডায়া ও রিহানার মতো আন্তর্জাতিক তারকাদেরও পিছনে ফেলেন।
কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাট

কান চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়েন অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt Cannes)। গুচির কাস্টম পোশাকে শাড়ির আদলের ছোঁয়া রেখে আধুনিক কাটে তৈরি সেই লুক আন্তর্জাতিক ফ্যাশন মহলে প্রশংসা কুড়িয়েছিল। ভারতীয় ঐতিহ্য আর আধুনিক ফ্যাশনের এমন সংমিশ্রণ দর্শকদের মুগ্ধ করেছে।
কিয়ারা আডবানী মেট গালা

মেট গালায় কিয়ারা আডবানির ডেবিউ লুকটিও ছিল বিশেষ। অন্তঃসত্ত্বা অবস্থায় সাদা-কালো গাউনে তাঁর উপস্থিতি শুধু ফ্যাশনে নয়, ব্যক্তিগত গল্পও বলেছে। গৌরব গুপ্তর ডিজাইন করা এই পোশাকের সোনালি স্ট্রাকচারাল ডিজাইন মাতৃত্ব, শক্তি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছিল।
রণবীর সিং এয়ারপোর্ট লুক

২০২৫ সালে রণবীর সিং এয়ারপোর্ট স্টাইলকে (Ranveer Singh Airport Look) একেবারে নতুন মাত্রা দেন। রঙিন পোশাক, সাহসী ডিজাইন আর আলাদা ভাবনায় তাঁর প্রতিটি এয়ারপোর্ট লুক যেন একেকটা পারফরম্যান্স। যখন বিশ্বজুড়ে ‘সিম্পল’ বা ‘কোয়াইট লাক্সারি’ ট্রেন্ড জনপ্রিয়, তখন রণবীর নিজের স্টাইলেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন।
সব মিলিয়ে ২০২৫ প্রমাণ করেছে, ভারতীয় ফ্যাশন এখন শুধু দেশীয় গণ্ডিতে আটকে নেই। এই বছর ভারতীয় তারকা ও ডিজাইনাররা বিশ্ব ফ্যাশনের মঞ্চে এমন ছাপ রেখেছেন, যা ট্রেন্ড তৈরি করেছে, আলোচনা উসকে দিয়েছে এবং ভারতীয় ফ্যাশনকে সত্যিকারের গ্লোবাল পরিচিতি দিয়েছে।