
শেষ আপডেট: 23 December 2020 08:07
গতকাল ভিকি জিমে এক্সারসাইজের পর সাধারণ ভাবেই বসে আছেন, এমন একটি ছবি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন গান। মুখে সামান্য হাসিও। তাঁর চেহারা দেখে মনে হচ্ছে তিনি কোনও কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমনকি তার জন্য উত্তেজিতও ভিকি। অন্তত তাঁর মুখের হাসি সেকথাই বলছে। ধোঁয়াশা থাকলেও তাঁর দিক থেকে আপাতত কেউ চোখ ফেরাতে পারছেন না।
যদিও বিটাউনের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে তিনি 'উরি'র পরিচালক আদিত্য ধরের সঙ্গে পরবর্তী সিনেমায় কাজ করতে চলেছেন। উরির সময় তাঁর ওজন ৯৫ কেজি ছুঁয়েছিল। এখন সেটা বেড়ে ১১০, ১১৫ কেজি তো হবেই। শোনা যাচ্ছে সেই সিনেমার জন্য তলোয়ার চালানো, ইজরায়েলি মার্শাল আর্টস শিখতে হবে তাঁকে। অনেকেই বলছেন এই কারণেই তিনি এত কসরৎ করছেন হয়তো। শোনা যাচ্ছে আগামী বছরে একের পর এক সিনেমায় দেখা যাবে তাঁকে। হাতেও রয়েছে বহু স্ক্রিপ্ট। মেঘনা গুলজার, সুজিত সরকার, করণ জোহরের মত পরিচালকদের সঙ্গে কাজ করতে চলেছেন ভিকি।
ছবির নীচে তাঁর প্রিয় বন্ধু ও অভিনেতা রাজকুমার রাও মন্তব্য করেছেন, "রক সলিড ভাই!" রাজকুমার রাও নিজেই কিছুদিন আগেই একটি এক্সারসাইজ করার ছবি পোস্ট করেছিলেন। যদিও তিনি জানিয়ে দিয়েছিলেন তাঁর নতুন সিনেমার কথা। কিন্তু ভিকি না জানানোয়, তাঁর প্রতি আগ্রহের পারদ যেন গতকাল থেকে একটু বেড়েই গেছে। চেহারার চেয়েও তাঁর অভিনয়ের ফ্যান বহু মানুষ। অল্প কয়েকদিনের মধ্যেই অভিনয় দিয়ে তিনি এমন এক জায়গা তৈরি করে ফেলেছেন, যে ভিকি কৌশল আছেন মানেই সেই সিনেমা দেখতে দর্শকরা হল-মুখী হবেনই। স্বভাবতই ভিকির অনুরাগীরা এখন হাঁ করে অপেক্ষা করছেন, কী চমক নিয়ে আসছেন তাঁদের প্রিয় হিরো।