
শেষ আপডেট: 30 January 2024 15:58
দ্য ওয়াল ব্যুরো: আগামী ফেব্রুয়ারি মাস জুড়ে মুক্তি পেতে চলেছে বেশ কিছু প্রেমের সিনেমা। সিনেপ্রেমীদের জন্য ভ্যালেন্টাইনস ডে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। এইদিন মুক্তি পাচ্ছে অর্ণব মিদ্যা পরিচালিত ছবি 'সেদিন কুয়াশা ছিল'। সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার। সেখানে উপস্থিত ছিলেন কলাকুশলীরা।
সিনেমাটির মূল বিষয় ভালবাসা। সে ভালোবাসা শুধু পুরুষ নারীর মধ্যে সীমাবদ্ধ নয়। বন্ধু, মা-বাবা সবার পারস্পরিক সম্পর্ক নিয়েই ছবির বুনোট। প্রতিটা মানুষই আসলে সম্পর্কে বাঁচে, এমনই একটি বার্তা দিতে ছবিটি বানাতে চেয়েছেন পরিচালক-চিত্রনাট্যকার অর্ণব মিদ্যা।
কিছু দায়িত্ব, কর্তব্য থাকে যা না চাইলেও আমাদের মেনে চলতে হয়। ইচ্ছে থাকলেও অনেক মানুষকে সময় দিতে পারি না। কর্তব্য পালন না করার গ্লানি আমাদের কুঁড়ে কুঁড়ে খায়। কিন্তু সেখান থেকে বেরনোর পথ পাই না। সম্পর্কের চেয়ে জটিল বোধহয় আর কিছু নেই। তাই সেই সম্পর্কগুলো নিয়েই নাড়াচাড়া করেছেন অর্ণব।
তবে কাহিনীর কেন্দ্রে রয়েছে মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক। তাঁদের মেলবন্ধন নিয়েই ছবির বিস্তার।
'সেদিন কুয়াশা ছিল' ছবিটিতে অভিনয় করেছেন এক গুচ্ছ তারকা। প্রধান চরিত্রে অভিনয় করবেন জিতু। তাঁর বাবার চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। মায়ের চরিত্রে লিলি চক্রবর্তী। এছাড়াও আছেন দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত, অর্ণ মুখোপাধ্যায়, সৌরসেনী।