
শেষ আপডেট: 21 November 2023 18:31
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় নিজের টলিউড ইন্ডাস্ট্রিতেই প্রায় ব্রাত্য হয়ে পড়েছিলেন। সেখান থেকে হঠাৎই আলোচনায় ফিরে এলেন করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির মাধ্যমে। আর তারপর হাত ভর্তি কাজ টোটা রায়চৌধুরীর। ইতিমধ্যে বাংলার বেশ কিছু বড় প্রোজেক্টে নাম জুড়েছে অভিনেতার। আর এরমধ্যেই ফের বলিউডে পাড়ি জমালেন টোটা।
বলিউডের প্রখ্যাত পরিচালক নীরজ পাণ্ডের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘স্পেশাল ওপস’-এ অভিনয় করছেন টোটা। মঙ্গলবার সকালে অভিনেতা শ্যুটিং সেট থেকে নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে এই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ক্ল্যাপস্টিক হাতে নিয়ে দাঁড়ানো সেই ছবিতে টোটাকে লাগছেও বেশ আকর্ষণীয়। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।
ছবির ক্যাপশনে টোটা লিখেছেন, “A Wednesday ছবিটা দেখার পর থেকেই ওঁর ফ্যান। তাই উনি যখন নিজে ফোন করে আমায় কাস্ট করলেন এবং শুধু তাই নয়, একটি আন্তর্জাতিক মানের সিরিজে (Special Ops 2) করলেন তখন আমার আপ্লুত, অভিভূত হওয়াটাই স্বাভাবিক। ধন্যবাদ স্যার, শ্রী নীরজ পাণ্ডে।” এই ছবিতে টোটার চরিত্র কী, তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে ‘স্পেশাল ওপস’ প্রথম সিজন বানিয়ে প্রশংসিত হয়েছিলেন পরিচালক নীরজ পাণ্ডে। এবার তিনি দ্বিতীয় সিজনের কাজ শুরু করতে চলেছেন। সিরিজে অভিনয় করবেন বলিউডের কে কে মেনন, করণ ঠক্কর, বিনয় শুক্লার মতো অভিনেতারা। আর সেই তালিকাতেই নতুন সংযোজন টোটা রায়চৌধুরী। তাই সিরিজটি বেশ উৎসাহিত সিনেমাপ্রেমীরাও।
তবে শুধু ‘স্পেশাল ওপস’-এর দ্বিতীয় সিজন নয়, ম্যাডক ফিল্মসের প্রযোজনায় পরিচালক কুণাল দেশমুখের ‘দিলার’-এ অভিনয় করেছেন টোটা। সেখানে ভারতীয় সেনাবাহিনীর এক অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, সেই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ইব্রাহিম আলি খান। টোটা যে এখন বলিউডে বেশ ব্যস্ত, তা একের পর এক ছবির সংখ্যাতেই পরিষ্কার।