
শেষ আপডেট: 24 October 2023 19:50
দ্য ওয়াল ব্যুরো: বিজয়া দশমী মানেই একরাশ মনখারাপ, ঢাকের বোলে সুর উঠছে 'ঠাকুর থাকবে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন'। তবু উমা চলে যেতে যেতে অনেক সময়ে তৈরি করে দিয়ে যান নতুন আশা, নতুন স্বপ্ন, হয়তো বা নতুন সম্পর্ক। সিঁদুর খেলার মাঝেই চার চোখের কথা হয় লুকিয়ে। তারপর হাতে হাত রেখে মায়ের ভাসান দেখা।
রাহুল-দেবাদৃতার গল্পটাও হয়তো কিছুটা এমনই। দু'জনেই টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ। ২০২৩-এর পুজো মিলিয়ে দিল ওদের। ধারাবাহিকের জগতে প্রায় ১০ বছর হতে চলল অভিনেতা রাহুল দেব বোসের। নায়ক থেকে খলনায়ক সব ধরনের চরিত্রেই তিনি দর্শকদের মনোরঞ্জন করেছেন। অন্যদিকে দেবাদৃতাকে আজও দর্শক 'জয়ী' নামেই চেনেন। এই পুজোয় টলিপাড়া পেল নতুন জুটি।
দশমীর দিন সন্ধ্যায় ইনস্টাগ্রামে এই সুখবর জানালেন রাহুল এবং দেবাদৃতা। লাল শাড়ি-পাঞ্জাবীতে যুগলের ছবি পোস্ট করেছেন রাহুল। আজ থেকে কয়েক বছর আগে 'আলোছায়া'র সেটে প্রথম দেখা হয়েছিল দু'জনের। গল্পের খাতিরে যদিও আলো অর্থাৎ দেবাদৃতার সঙ্গে মিল হয়নি গৌরব ওরফে রাহুলের। সেই রেশ ধরেই রাহুল লিখেছেন, 'গৌরব আলোকে পায়নি, তবে রাহুল পেল দেবাদৃতাকে'।
টুকটুকে লাল শাড়ি, কপালে, গালে সিঁদুরে রাঙা দেবাদৃতার মুখে যেন সদ্য প্রেমে পড়ার লাজুক অনুভূতি। প্রথম প্রেমে বুঝি এমনই হয়। রাহুলের ক্ষেত্রে যদিও দেবাদৃতাই প্রথম প্রেম নয়। এর আগে অভিনেত্রী রুশার সঙ্গে সম্পর্কে ছিলেন রাহুল। তাঁরা দু'জন বিয়ে করতে চলেছেন এমন কথাও শোনা গিয়েছিল। তবে আচমকা তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। রুশা আপাতত প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করে বিদেশেই সংসার পেতেছেন। অভিনয়ও ছেড়েছেন পাকাপাকি ভাবেই। এবার 'মুভ অন'-এর পালা রাহুলেরও। ২০২৩-এর পুজোয় রাহুল-দেবাদৃতার জীবনে প্রেম এল মহা সমারোহে।