
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট।
শেষ আপডেট: 28 May 2024 14:54
দ্য ওয়াল ব্যুরো: রিলায়েন্স কর্তাগিন্নি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাকবিবাহ উৎসব শুরু হতে চলেছে আগামিকাল, ২৯ এপ্রিল। ইতালির সিসিলির রাজধানী পালের্মোর ৩ হাজার বছরের ঐতিহ্যবাহী ক্রুজ বন্দর থেকে ছাড়বে প্রমোদতরণী। সেখানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বিশিষ্ট গণমান্য ব্যক্তি ও বলি-দম্পতি থেকে তারকারা। চারদিন পর ১ জুন উৎসব শেষে বিলাসবহুল এই প্রমোদতরণী পৌঁছাবে সুইৎজারল্যান্ডে।
প্রাকবিবাহের আমন্ত্রণপত্রের নামকরণ হয়েছে ইতালীয় লেখক ড্যানিয়েলা রিহারের গ্রন্থ 'লা ভিটা এ উন ভিয়াজ্জিও'র নাম অনুসারে। যার অর্থ হল, লাইফ ইজ আ জার্নি। অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন অথবা যাওয়ার পথে মুম্বইয়ের প্রথম সারির চিত্রতারকারা।
অভিনেতা রণবীর সিং, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষী, অভিনেতা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। আনুমানিক ৩০০ ভিআইপি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উৎসবের সম্পূর্ণ অনুষ্ঠানসূচি
২৯ মে: পালের্মো ক্রুজ বন্দর থেকে ছাড়বে প্রমোদতরণী। যার থিম হবে ওয়েলকাম লাঞ্চ। ড্রেস কোড ক্যাসিক ক্রুজ।
২৯ মে: সমুদ্রপথে। থিম স্টারি নাইট। ড্রেস কোড ওয়েস্টার্ন ফর্মালস।
৩০ মে: অন ল্যান্ড রোম। থিম রোমান হলিডে। ড্রেস কোড ট্যুরিস্ট চিক অ্যাটায়ার্স।
৩০ মে: প্রমোদতরণীতেই থিম থাকবে লা ডোলচে ফার নিয়েন্তে। ড্রেস কোড রেট্রো। ওই রাতে হবে টোগা পার্টি।
৩১ মে: প্রমোদতরণীতেই ভেসে থাকা। থিম ভি টার্নস ওয়ান আন্ডার দ্য সান। ড্রেস কোড প্লে ফুল।
৩১ মে: অন ল্যান্ড কানস। থিম লে মাসকুয়্যারেড। ড্রেস কোড ব্ল্যাক দ্য মাসকুয়্যারেড। ওইদিনই আরও একটি থিম থাকবে, যার নাম দেওয়া হয়েছে পার্ডন মাই ফ্রেঞ্চ।
১ জুন: অন ল্যান্ড পোর্তোফিনো। থিম লা দোলচে ভিটা। ড্রেস কোড ইটালিয়ান সামার।
অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, প্রমোদতরণীতে ওঠার সময় তাঁরা যেন কোনও ফোন না নিয়ে ওঠেন। কারও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি যাতে ফাঁস না হয়ে যায়, তার জন্যই এই সতর্কতা নেওয়া হয়েছে।