
শেষ আপডেট: 20 July 2023 09:43
দ্য ওয়াল ব্যুরো: পুজোয় আসছে 'দশম অবতার' (Dawshom Awbotaar), এতদিনে এ কথা জেনে ফেলেছেন সিনেমাপ্রেমীরা। 'বাইশে শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী এবং 'ভিঞ্চিদা'র ডিসিডিডি পোদ্দারকে এবার একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়। মোট কথা, টলিউডে এই প্রথমবার কপ ইউনিভার্স দেখা যাবে এবং সেটাও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) সৌজন্যে। বাগবাজারের বসুবাটিতে বৃহস্পতিবার সেই ছবিরই পোস্টার (poster) লঞ্চ হল।

'দশম অবতার'-এ মুখ্য দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে। সৃজিতের এই বিগ বাজেট ছবিতে রয়েছেন আরও দুই তারকা, প্রথমজন যীশু সেনগুপ্ত এবং দ্বিতীয়জন দুই বাংলার হার্টথ্রব জয়া আহসান। এদিন সকলেই উপস্থিত ছিলেন সেখানে। এছাড়াও এসেছিলেন অনুপম রায়, রুপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত ও সৌমিক হালদার।

এই বসুবাটিতেই 'বাইশে শ্রাবণ'-এর বেশ কিছু দৃশ্যের শ্যুটিং হয়েছিল। ছবির একদম শেষাংশ শ্যুট করা হয়েছিল এই বাড়িতেই। বাড়িটির সঙ্গে ছবির থিমও পুরোপুরি মিলে গিয়েছিল। এদিন সৃজিত সেখানেই নতুন ছবির পোস্টার রিলিজ করে যেন 'বাইশে শ্রাবণ' ও 'দশম অবতার'কে মিলিয়ে দিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের পর আবার এবছর দুর্গাপুজোয় নিজের ছবি নিয়ে ফিরছেন সৃজিত। তাই পরিচালকের অনুরাগীদের মধ্যে 'দশম অবতার' নিয়ে তুমুল উন্মাদনা চোখে পড়ছে। অন্যান্যবারের মতো এবারও দুর্গাপুজোয় একাধিক বিগ বাজেট ছবি মুক্তি পাবে। সেই তালিকায় রয়েছে দেবের 'বাঘা যতীন', শিবু-নন্দিতা জুটির 'রক্তবীজ'। এখন দেখার সৃজিতের 'দশম অবতার' বাকি ছবিগুলিকে টেক্কা দিয়ে দর্শকদের মন এবং বক্স অফিস জয় করতে পারে কিনা।