
বাঁকে বিহারি মন্দিরে সৌমিতৃষা
শেষ আপডেট: 26 February 2025 21:16
দ্য ওয়াল ব্যুরো: না, আজ প্রমিস ডে নয়। হলই বা ফেব্রুয়ারি মাস। তবু আজ অর্থাৎ বুধবারই মহা শিবরাত্রিতে প্রমিস করলেন সৌমিতৃষা কুন্ডু। মহাদেবকেই কথা দিয়ে এলেন তিনি। এখন শুধু পালন বাকি! বৃন্দাবন গিয়েছেন সৌমিতৃষা কন্ডু। আগেই জানিয়েছিলেন, জন্মদিন কাটাবেন সেখানেই।
কৃষ্ণভক্ত সৌমিতৃষা মহাশিবরাত্রিতেও বাবা-মাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন বৃন্দাবনের বাঁকে বিহারি মন্দিরে। সেখানেই শিবরাত্রি পালন করলেন তিনি। একই সঙ্গে মহাদেবকে সাক্ষী রেখে তাঁর নতুন অঙ্গীকার, 'এখানেই কথা দিয়েছি, আমি চার ধাম যাত্রা সম্পূর্ণ করব।'
চার ধাম-- হিন্দু ধর্মে এর মাহাত্ম্য অনেক। বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম-- এই চারধামই ঘুরে আসতে চান তিনি। বিশেষ দিনে এটাই তাঁর প্রমিস। কৃষ্ণভক্ত সৌমিতৃষা। ইচ্ছে রয়েছে বৃন্দাবনে বাড়ি কেনার। তবে সে সবের ঢের দেরি। আপাতত ভ্রমণের মাধ্যেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন তিনি।
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সৌমিতৃষার ছবি '১০ জুন'। ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছে, সৌরভ দাসকে। যদিও এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সৌমিতৃষা। প্রচারের অংশ হতেও দেখা যায়নি তাঁকে। শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থার সঙ্গে মতানৈক্যের কারণেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সৌমিতৃষা আপাতত ব্যস্ত রয়েছেন কালরাত্রি ২ নিয়ে। তাঁর প্রথম ওয়েব সিরিজ কালরাত্রি বেশ হিট হয়েছিল। এই সিরিজটি কতটা সাফল্য লাভ করে এখন সেটাই দেখার।