গোপনে ক্যামেরাবন্দি হলেন অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ। ব্যক্তিগত মুহূর্ত ফাঁস হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন সোনাক্ষী সিনহা।

ক্যাটরিনা ও সোনাক্ষী
শেষ আপডেট: 31 October 2025 19:17
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে একটি ছবিকে কেন্দ্র করে বলিউড জুড়ে চরম বিতর্ক। নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় একান্ত সময় কাটাচ্ছিলেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কিন্তু দুর্ভাগ্যবশত, সেখানেই গোপনে ক্যামেরাবন্দি করা হল ভিকি কৌশলের স্ত্রী ক্যাটরিনাকে, যা মুহূর্তে ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। এই ঘটনায় অভিনেত্রীর ব্যক্তিগত পরিসর ভাঙার অভিযোগ তুলে তীব্র নিন্দা করেছেন বলিউডের আরেক অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এবং এই কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের দাবি তুলেছেন অনুরাগীরা।
জাতীয় স্তরের একটি জনপ্রিয় সংবাদ পোর্টালের বিরুদ্ধে এই 'গোপনীয়তা ভঙ্গে'র অভিযোগ উঠেছে। ছবিতে ক্যাটরিনার সেই একান্ত মুহূর্ত ফাঁস হতেই নেটিজেনদের মধ্যে দ্রুত ক্ষোভের জন্ম নেয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সোনাক্ষী সিনহা সরাসরি পাপারাজ্জিদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
শত্রুঘ্নকন্যা মন্তব্য করেন, "আপনাদের সমস্যাটা কোথায়? একজন মহিলার অনুমতি ছাড়া তাঁর নিজের বাড়িতেই তাঁকে গোপনে ক্যামেরাবন্দি করছেন এবং সেই ছবি পোর্টালে প্রকাশ করছেন, আপনারা তো অপরাধীর চেয়ে কোনো অংশে কম নন। ছি, লজ্জাজনক!"
ক্যাটরিনা নিজে এখনও এ বিষয়ে মুখ না খুললেও, সোনাক্ষীর এই মন্তব্যে সায় দিয়ে অনুরাগীরা সরব হন। তাঁদের প্রধান দাবি: আইনত অপরাধের অভিযোগে পুলিশের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত যারা এই ছবিটি তুলেছে তাদের বিরুদ্ধে। ভক্তদের প্রশ্ন, "এটা ওঁর বাড়ি, তবুও কেন এই ছবি তোলা হল? গোপনীয়তা বলে কি কোনও শব্দ নেই?"
উল্লেখ্য, ফিল্মি জগতে পাপারাজ্জি সংস্কৃতি নতুন না হলেও, ব্যক্তিগত পরিসরে এমন অনধিকার প্রবেশ এর আগেও হয়েছে। বছরখানেক আগে একইভাবে আলিয়া ভাটের 'বাস্তু' অ্যাপার্টমেন্ট থেকে তাঁর গোপন মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়ায় বলিপাড়ায় বড় তোলপাড় সৃষ্টি হয়েছিল। এবার ক্যাটরিনা কাইফ সেই অনভিপ্রেত ঘটনার শিকার হলেন।