
কী বললেন সারা সেনগুপ্ত?
শেষ আপডেট: 12 January 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: যা রটেছে তা ঠিক নয়, যা বলা হচ্ছে তাই মিথ্যে, তাই তাঁর এবার মুখ খোলা দরকার--- ঠিক এরকমই কিছু কথা সামাজিক মাধ্যমে লিখেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার মেয়ে সারা। রবিবার দুপুরেই নিজের সম্পর্কে রটা মিথ্যে নিয়ে দিয়েছেন এক বিবৃতি। ঠিক কী লিখেছেন তিনি?
দিন কয়েক ধরেই টলিপাড়ায় ফিসফাস। বাবা-মায়ের পথে হেঁটে সারাও নাকি অভিনয় জগতে পা রাখতে চলেছেন। তিনি নাকি ডেবিউ করতে চলেছেন বলিউডের বড় প্রযোজনা সংস্থার ব্যানারে। নেপথ্যে রয়েছে সলমন খানের হাত।
সেই জল্পনাকে নস্যাৎ করে সারা লেখেন, "কিছু জিনিস বলতে এলাম। বেশ কিছু প্রতিবেদনে আমার সম্পর্কে লেখা হয়েছে আমি নাকি বলিউডে ডেবিউ করতে চলেছি। এ খবর সত্য নয়। হ্যাঁ এটা ঠিক অভিনয় করার ইচ্ছে আমার রয়েছে, তবে আপাতত মডেলিংয়ে মনোযোগ দিতে চাই আমি।"
সারা আরও লেখেন, "জানি না কোথা থেকে এই গুজব শুরু হল। তবে মনে হল সত্যিটা সবার জানা দরকার। সবাই ভাল থাকবেন।" ১৮ হওয়ার আগেই মডেলিং দুনিয়ায় পা দিয়েছিলেন সারা সেনগুপ্ত। ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন কিছু নামী ব্র্যান্ডের সঙ্গে। হেঁটেছেন র্যাম্পেও। ওদিকে টলিউডে তাঁর অভিষেক হয়েছে সেই কোন ছোটবেলায়। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি উমাতে দেখা গিয়েছিল তাঁকে। তবে মডেলিংয়েই তিনি বেশি উৎসাহী, খোলসা করলেন সারা।
প্রসঙ্গত, বিগত বেশ কিছু সময় ধরেই টলিপাড়ায় চর্চা যিশু ও নীলাঞ্জনার নাকি বিচ্ছেদ হচ্ছে। এ নিয়ে নীলাঞ্জনা বা যিশু কেউই মুখ খোলেননি। তবে খবর, বিচ্ছেদের মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে যিশুকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাওয়া হলে, তিনি অবশ্য বিষয়টা এড়িয়ে যান। এও জানান এই বিষয়ে কথা বলতে তিনি চান না। তবে তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা চলছে সর্বত্র।