
ভারতের একমাত্র কমেডি ফ্র্যাঞ্চাইজি, যা পৌঁছেছে পঞ্চম কিস্তিতে
শেষ আপডেট: 30 April 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি ‘হাউসফুল’ আজ পা দিল ১৫ বছরে। ২০১০ সালের ৩০ এপ্রিল মুক্তি পেয়েছিল প্রথম ‘হাউসফুল’ ছবি। এই বিশেষ দিনে পরিচালক-প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা উপহার দিলেন বহু প্রতীক্ষিত ‘হাউসফুল ৫’-এর গ্র্যান্ড টিজার। তবে, এবারের ‘হাউসফুল’ একেবারে আলাদা। ‘কিলার কমেডি’! মানে হেসে কুটোপাটি হওয়ার ১০০% গ্যারান্টি!
ভারতের একমাত্র কমেডি ফ্র্যাঞ্চাইজি, যা পৌঁছেছে পঞ্চম কিস্তিতে— 'হাউসফুল ৫' দিতে চলেছে পাঁচ গুণ মজা, পাঁচ গুণ পাগলামি, আর পুরোপুরি পারিবারিক বিনোদনের আশ্বাস।
নতুন টিজারে দেখা গেছে তারকাখচিতদের তালিকা। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ, সোনম বাজওয়া, নারগিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং, ফারদিন খান, চাঙ্কি পাণ্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, দিনো মোরিয়া, রঞ্জিত, সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর এবং আকাশদীপ সবির— একসঙ্গে রয়েছেন বিশাল কমেডি যাত্রায়।
পরিচালক তারুণ মনসুখানি এবার গল্প নিয়ে যাচ্ছেন এক লাক্সারি ক্রুজ-এ, যেখানে একের পর এক টুইস্ট, হাসির রোল আর সুপারহিট গান — সব মিলে এক দুর্দান্ত জয় রাইড। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা Nadiadwala Grandson Entertainment-এর ব্যানারে নির্মিত এই ছবি মুক্তি পাবে ৬ জুন, ২০২৫, সারা বিশ্বের প্রেক্ষাগৃহে।
প্রযোজনা সংস্থা Nadiadwala Grandson Entertainment ইনস্টাগ্রামে টিজার শেয়ার করে লিখেছে: ‘১৫ বছর আগে আজ... শুরু হয়েছিল পাগলামি! ভারতের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ফিরছে পঞ্চম কিস্তি নিয়ে, আর এবার শুধু কোলাহল আর কমেডি নয়... একেবারে কিলার কমেডি! দেখে নিন #Housefull5-এর টিজার। সিনেমা হলে আসছে ৬ জুন ২০২৫!’ টিজার রিলিজের পরই ইনস্টাগ্রামে ভক্তদের উচ্ছ্বাসে ভরে ওঠে কমেন্ট সেকশন। একজন লিখেছেন, ‘১০০০ কোটি লোডিং...’ আরেকজনের মন্তব্য, ‘কিলার মাস্কটা তো একেবারে স্কুইড গেম-এর ফ্রন্টম্যানের মতো! দারুণ লাগছে!’ আরেকজনের মন্তব্য, ‘অনেক বছর পর মনে হচ্ছে একটা ভালো হাউসফুল আসছে! ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং... মনে হচ্ছে Murder Mystery (Jennifer Aniston-এর সিনেমা) স্টাইলের ভাইবস আছে... কিন্তু সামগ্রিকভাবে ভালো লাগছে!’ একজন ভক্ত বলেছেন, ‘কমেডির কিং অক্ষয় কুমার ফিরেছেন — আর কীভাবেই না ফিরেছেন! ওঁর উপস্থিতি আর এক্সপ্রেশন দেখেই মন ভরে গেল!" আরও একজন লিখেছেন, ‘Adam Sandler-এর Murder Mystery থেকে অনুপ্রাণিত মনে হচ্ছে।’
হাউসফুল ৫
তারুণ মনসুখানি পরিচালিত ‘হাউসফুল ৫’-এ আবার একসঙ্গে দেখা যাবে অভিষেক বচ্চন, অক্ষয় কুমার ও রীতেশ দেশমুখ-কে, যাঁরা ‘হাউসফুল ৩’-তেও একসাথে ছিলেন। অক্ষয় ও রীতেশ তো শুরু থেকেই এই সিরিজের অংশ, আর অভিষেক তাঁর নিজস্ব স্টাইল নিয়ে যোগ দেন তৃতীয় কিস্তিতে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই সিনেমা মুক্তি পেতে চলেছে সারা বিশ্বের প্রেক্ষাগৃহে ৬ জুন, ২০২৫। এই পর্যন্ত প্রতিটি হাউসফুল সিনেমা বক্স অফিসে সুপারহিট হয়েছে, আর তাই ‘হাউসফুল ৫’ নিয়ে প্রত্যাশার পারদ এখন আকাশছোঁয়া!