
শেষ আপডেট: 25 October 2023 18:38
দ্য ওয়াল ব্যুরো: সবে শেষ হয়েছে দুর্গাপুজো, ফেসবুক ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছে রঙিন সাজে ঝলমল করছেন তারকারা। প্রিয় মানুষের সঙ্গে কেউ বেরিয়েছেন প্রতিমা দর্শনে আবার কেউ সিঁদুরে রাঙা। তবে টেলি পর্দার তারকাদের রংবেরঙের ছবি চোখে পড়লেও পুজোর কয়েকটা দিন দেখা মেলেনি টেলিপাড়ার অন্যতম চর্চিত জুটি রুবেল এবং শ্বেতার।
একাদশীর দিন জানা গেল আসল কারণ। কয়েক মাস আগে পা ভেঙেছিলেন 'নিম ফুলের মধু'র সেটে। অস্ত্রোপচার করে পা ঠিক হতে না হতেই ফের শয্যাশায়ী রুবেল। দ্বিতীয়া থেকে ডেঙ্গির আক্রমণে ধরাশায়ী 'সৃজন'। এদিন দুপুরে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রুবেল। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে আছেন রুবেল, পাশেই তাঁর সঙ্গিনী শ্বেতা।
ইনস্টাগ্রামের সেই পোস্টে সকলকে শুভ বিজয়া জানিয়েছেন রুবেল। প্রিয় মানুষ পুজোর সময়ে অসুস্থ, সেই কারণে এবার ঠাকুর দেখতে বেরোননি শ্বেতাও। রুবেলের পোস্ট থেকে জানা গেছে, গোটা পুজোয় চিকিৎসকদের সঙ্গে কথা বলা থেকে ওষুধ, সমস্তটা একাই সামলেছেন শ্বেতা। শুধু তাই নয় অসুস্থতার সময়ে রুবেলের পাশে থেকে সাহসও বাড়িয়েছেন 'যমুনা ঢাকি'।
শ্বেতার এই স্বার্থত্যাগে আপ্লুত রুবেল, দরাজ গলায় সঙ্গিনী শ্বেতাকে সার্টিফিকেট দিলেন 'নিম ফুলের মধু'র সৃজন। শ্বেতাই যেন সাক্ষাৎ উমা হয়ে সর্বক্ষণ সঙ্গে ছিলেন মনের মানুষের। সেই কারণেই তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছেন, মন্তব্য রুবেলের। রুবেলের এই পোস্ট দেখে একদিকে যেমন শ্বেতাকে প্রশংসায় ভরাচ্ছেন অনেকে তেমনই রুবেলের সুস্থতা কামনা করছেন অনুরাগীরা। শ্বেতা-রুবেলের জুটি যেন সত্যিই হর-পার্বতী, বলছেন কেউ কেউ।