
প্রতীকী ছবি: শুভঙ্কর চক্রবর্তী
শেষ আপডেট: 11 November 2024 14:53
দ্য ওয়াল ব্যুরো: ছবিটা প্রথম দেখেই মনে হতে পারে, বাংলায় ‘শার্লক হোমস’ আসছে। মাথায় কালো হ্যাট পরে বসে অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু তারপরই চোখ যায় ঠিক ওঁর পাশে দাঁড়িয়ে থাকা পরমব্রত চট্টোপাধ্যায়ের ডান হাতের বইটির দিকে। তাতে জ্বলজ্বল করছে ‘ভোগ’। আর তারপরই খোলসা হয়ে যায় গোটা বিষয়।
আসছে নতুন পরমব্রত পরিচালিত নতুন ওয়েব সিরিজ, ‘ভোগ’। অভীক সরকারের লেখা কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে এই সিরিজ। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য। এই প্রথম পরমব্রতের পরিচালনায় থাকছে অনির্বাণ। অন্যদিকে অতিপ্রাকৃত ঘরানার প্রেক্ষাপটেই সিরিজ পরমের তালিকায় প্রথম নয়। ‘পর্ণশবরীর শাপ’-এর পর সম্প্রতি ‘নিকষ ছায়া’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সাড়াও তুমুল।
প্রশ্ন ছিল পরিচালকের কাছে, আপনি কি এই সুপারন্যাচেরাল জঁর থেকে বেরতে পারছেন না?
হালকা হেসে পরমের উত্তর, ‘‘না, তা নয়। বিষয়টির প্রতি আমার ছোটবেলা থেকেই দুর্বলতা আছে। আমি কল্পনাশক্তিতে বিশ্বাস করি। আমি এও বিশ্বাস করি, আমাদের এই পৃথিবীর পাশাপাশি একটি প্যারালাল পৃথিবীও ঘুরছে। সেখানে রক্তমাংসের মানুষ থাকে না...’’
শুধু সুপারন্যাচেরাল জঁরের প্রতি পরিচালকের ভালবাসা নেই। তাঁর দুর্বলতা রয়েছে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয়ের প্রতিও, এবং সদর্পে তা স্বীকারও করেন পরম।
‘‘বহুদিন ধরে একসঙ্গে কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু কোনওভাবেই তা সফল হচ্ছিল না। বহুদিন পরে এমন এক সুযোগ এল, যেখানে আমি অনির্বাণকে উপযুক্ত কোনও চরিত্রে পরিচালন করতে পারব।’’
গল্পের প্লট ঠিক এরকম। একটি কিউরিয়ো শপ থেকে হঠাৎ একট পিতলের মূর্তি আসে এক একাকী মানুষের হাতে। ঠিক এরপর থেকে এই মূর্তিকে ঘিরেই তার বদলাতে থাকে তাঁর জীবন। সিরিজের পরতে পরতে উন্মোচন হবে রহস্য। চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে রয়েছেন শান্তনু মিত্র নিয়োগী এবং পরিচালক নিজে। অনির্বাণ ছাড়াও ‘ভোগ’-এ রয়েছেন রজতাভ দত্ত। তবে, সিরিজ়ের বাকি কাস্টিং নিয়ে চলছে আলোচনা। চরিত্রাভিনেতা চূড়ান্ত হওয়ার পর বছরের শেষে শুরু হবে শুটিং।