
শেষ আপডেট: 9 November 2023 15:25
দ্য ওয়াল ব্যুরো: লাগাতার জেরার মুখে পড়ে অবশেষে সাপ ও সাপের বিষ পাচারকাণ্ড নিয়ে মুখ খুললেন বিগ বস বিজয়ী ইউটিউব তারকা এলভিস যাদব। বৃহস্পতিবার নয়ডা পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। মঙ্গলবারের পর বুধবারও একটানা জেরা করা হয়েছে এলভিসকে। সেসময়ই তিনি বলেছেন, “একটি মিউজিক ভিডিও শ্যুটের জন্য সাপগুলি আনা হয়েছিল। তবে আমি এর সঙ্গে জড়িত নই। সঙ্গীতশিল্পী ফজিলপুরিয়া গোটা বিষয়টি আয়োজন করেছিলেন।”
গত কয়েকদিন ধরেই এলভিসকে জেরা করছে নয়ডা পুলিশ। মঙ্গলবারও তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “লাগাতার জেরার জন্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তবে এখন ঠিক আছি।” কিন্তু যতই অসুস্থতা থাকুক না কেন, পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদে কোনওরকম ছাড় দিচ্ছেন না। এরপরই বুধবার রেভ পার্টি ও সাপের বিষ সংক্রান্ত প্রশ্নে মুখ খোলেন এলভিস। তবে এবারও দাবি করেছেন যে, তিনি কিছুই জানেন না।
সপ্তাহখানেক আগেই বেআইনি রেভ পার্টি করার অভিযোগ ওঠে এলভিস ও তাঁর কয়েকজন পরিচিতর বিরুদ্ধে। নয়ডা পুলিশ গোপন সূত্র মারফত জানতে পারে সেখানে সাপের বিষ নিয়ে নেশা করা হয়। এরপরই পুলিশ সেখানে হানা দিয়ে ভাল পরিমাণেই সাপের বিষ, কেউটে, পাইথন-সহ বেশ কয়েকটি বিষধর সাপ উদ্ধার করেন। অভিযোগ ওঠে, এই রেভ পার্টিতে সাপের বিষ সরবরাহ করেছেন বিগ বস জয়ী এলভিস যাদব। গ্রেফতার হয় অভিযুক্তরা।
এরমধ্যেই এলভিসের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে, তিনি শুধু সাপের বিষ না। অন্যান্য মাদকও পাচারের সঙ্গে জড়িত। এই নিয়ে মুম্বই পুলিশের কাছে ইউটিউবারের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। সেখানে এও বলা হয়েছে যে, অবৈধ রেভ পার্টিগুলিতে সাপের বিষ ছাড়াও নানারকম মাদক পাচার করা হত। আর এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এলভিস যাদব।