মাল্টা দ্বীপের পর ওয়াগা বর্ডারে একসঙ্গে সলমন-ক্যাটরিনা!
দ্য ওয়াল ব্যুরো: ফের একসঙ্গে সলমন-ক্যাটরিনা। তাও আবার ওয়াগা বর্ডারের সামনে। নীল স্যুট পরেছেন ভাইজান। পাশে মেরুন শাড়িতে ক্যাটরিনা। গায়ে নীল শাল। সামনে ওয়াগা বর্ডার। সম্প্রতি প্রকাশ পেয়েছে সলমন খানের আগামী ছবি, 'ভারত'-এর ফার্স্ট লুক। আর সেখান
শেষ আপডেট: 16 November 2018 11:03
দ্য ওয়াল ব্যুরো: ফের একসঙ্গে সলমন-ক্যাটরিনা। তাও আবার ওয়াগা বর্ডারের সামনে। নীল স্যুট পরেছেন ভাইজান। পাশে মেরুন শাড়িতে ক্যাটরিনা। গায়ে নীল শাল। সামনে ওয়াগা বর্ডার। সম্প্রতি প্রকাশ পেয়েছে সলমন খানের আগামী ছবি, 'ভারত'-এর ফার্স্ট লুক। আর সেখানেই একসঙ্গে দেখা গিয়েছে ভাইজান এবং ক্যাট সুন্দরীকে।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেছে ভাইজান এবং ক্যাটরিনা। একে একে এই ছবি শেয়ার করতে শুরু করেন ছবির পরিচালক আলি আব্বাস জাফর এবং বাকি কলাকুশলীরাও। কিছু দিন আগেই 'ভারত' ছবি থেকে সরে দাঁড়িয়ে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কেউ বলেছিলেন নিক জোনাসের সঙ্গে বিয়ে, কেউ বলেছিলেন পারিশ্রমিক নিয়ে সলমনের সঙ্গে গন্ডগোলই প্রিয়াঙ্কার সিনেমা থেকে সরে দাঁড়ানোর অন্যতম কারণ।
https://www.instagram.com/p/BqMJe32AzMP/
পিগি চপসের পরিবর্তেই এই ছবিতে এন্ট্রি নেন ক্যাটরিনা। তারপর থেকে প্রিয় তারকা জুটিকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। এ বার সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে প্রকাশ পেল তাঁদের ছবি। কিছু দিন আগে পর্যন্ত 'জিরো' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ক্যাট। কিন্তু সলমনের প্রস্তাব আসার পরে আর না করতে পারেননি নায়িকা। 'জিরো'-র কাজ শেষ করেই কোমর বেঁধে নেমে পড়েছেন 'ভারত'-এর শ্যুটিংয়ে।
তবে এটাই প্রথম নয়। 'ভারত'-এর শ্যুটিং চলাকালীন এর আগেও একসঙ্গে প্রকাশ পেয়েছে সলমন-ক্যাটরিনার ছবি। ভাইজানের বোন অর্পিতা খানও সেই সময় নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছিলেন সলমন-ক্যাটরিনার ছবি। ক্যাট আর সলমনের ওই ছবিতে দু’জনকেই দেখা গিয়েছে ট্র্যাডিশনাল পোশাকে। সবুজ রংয়ের একটি লেহেঙ্গা পরেছিলেন ক্যাটরিনা। আর ভাইজানের পরনে ছিল ব্ল্যাক স্যুট। এই ছবি দেখার পর থেকেই টিনসেল টাউনে শুরু হয়েছিল জোড়দার জল্পনা। কেউ কেউ বলছিলেন সলমন-ক্যাটের মধ্যে পুরনো রসায়ন ফিরে এসেছে। কেউবা বলছিলেন দুই তারকা বোধহয় মাল্টায় গিয়ে গোপনে বিয়েও সেরে ফেলেছেন।

প্রসঙ্গত, এক সময় সলমনের ঘনিষ্ঠ ছিলেন ক্যাটরিনা। বলিউডের ওপেন সিক্রেট ছিল তাঁদের সম্পর্ক। যদিও প্রকাশ্যে সে কথা স্বীকার করেননি দুই তারকার কেউই। বরং ক্যাটরিনা প্রকাশ্যে সব সময়েই সলমনকে নিজের মেন্টর এবং ভালো বন্ধু এই পরিচয়ই দিতেন। এরপর জল গড়িয়েছে বহুদূর। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের বাঁধন আলগা হয়েছে দু’জনের মধ্যে। সলমনের বিরুদ্ধে এসেছে অনেক অভিযোগ। যদিও প্রকাশ্যে সেসব নিয়ে কাদা ঘাঁটতে চাননি ভাইজান বা ক্যাটরিনা। এরপর সলমনের জীবনে এসেছেন রাশিয়ান মডেল য়ুলিয়া ভান্তুর। মাঝে অবশ্য য়ুলিয়ার সঙ্গেও বনিবনা হচ্ছিল না সলমনের। তবে টিনসেল টাউন সূত্রে খবর, আপাতত সব ঠিকই রয়েছে।
কিন্তু সলমন খান এবং ক্যাটরিনা জুটির সম্পর্ক ভেঙে যাওয়ায় হতাশ হয়েছিলেন তাঁদের অনুরাগীরা। নতুন করে সোশ্যাল মিডিয়ায় পছন্দের জুটিকে একসঙ্গে দেখে ফের উৎসাহী সলমন-ক্যাট জুটির ফ্যানরা। সত্যিই কি সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের কাছে আসছেন সলমন এবং ক্যাটরিনা? এখন এই প্রশ্নই ঘুরছে সবার মনে।