
শেষ আপডেট: 12 December 2023 15:06
দ্য ওয়াল ব্যুরো: একজন কলকাতার নামী সেলিব্রিটি শেফ অগ্নিভ গুহ (এভি)। আর একজন গাছপাগল উদ্ভিদবিজ্ঞানের ছাত্রী কথাকলি বসু (কথা)। একজন রান্না নিয়ে মেতে থাকে তো অন্যজন একটা গাছকে কীভাবে বাঁচিয়ে তোলা যায় সেই নিয়েই মশগুল। এভির ক্যাফের বাইরে গাছ মরে যাচ্ছে দেখে কথাকলি গোবর সার দিয়ে গাছ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে। এদিকে গোবরের গন্ধে ক্যাফের ভিতরে থাকা অতিথিদের প্রাণ ওষ্ঠাগত!
সেই গোবর নিয়েই অশান্তি শুরু এভি আর কথার। তাঁর এই পাগলামি দেখে এভি কথার নাম দেয় 'মিস গোবরদেবী'। ব্যস দুজনের ঝগড়া শুরু! এভাবে ঝগড়া দিয়ে যাদের প্রথম পরিচয়, তাঁদের কীভাবে মিল হবে সেটাই দেখার। অগ্নিভর ভূমিকায় অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য,আর কথাকলির ভূমিকায় রয়েছেন 'পঞ্চমী' খ্যাত সুস্মিতা দে।
খাস কলকাতায় বেড়ে ওঠা অগ্নিভ স্বভাবে একটু বিদ্রোহী। নিজের ইচ্ছেমতো কাজ করতেই পছন্দ করে সে। তবে মায়ের স্বপ্ন পূরণ করতে এভি যোগ দেয় তাদের পারিবারিক ব্যবসায়। খুলে ফেলে 'মমস ক্যাফে'। অন্যদিকে কথা থাকে গোবরডাঙায় তার মামা-মামির সঙ্গে। মামাকে খুশি করার জন্য বাড়ির সব নিয়ম মেনে চলে সে। ছেলেদের একদমই বিশ্বাস করে না কথা। এই অবস্থায় আদৌ কি সে নিজের পছন্দমতো জীবনসঙ্গী খুঁজে পাবে?
শুক্রবার থেকে একদম ভিন্ন স্বাদের গল্প নিয়ে স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল 'কথা'। দুই ভিন্নমনস্ক মানুষ কীভাবে একে অপরের প্রেমে পড়বে, সেটা দেখতে হলে চোখ রাখতে হবে স্টার জলসায় রোজ সন্ধে ৭ টায়।