
জি বাংলার নতুন ধারাবাহিক ‘অষ্টমী’
শেষ আপডেট: 8 April 2024 16:06
দ্য ওয়াল ব্যুরো: জি বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘অষ্টমী’। ইতিমধ্যে এই নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। লাল শাড়ি, টিপ, সিঁথিতে সিঁদুর পরে এক অন্যরূপে ধরা দিলেন কৌশিক চক্রবর্তী, যিনি এই ধারাবাহিকের অতি গুরুত্বপূর্ণ মুখ। আর এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে ঋতব্রতা দে-কে। তাঁর চরিত্রের নামানুসারেই এই ধারাবাহিকের নাম ‘অষ্টমী’। বাংলা ধারাবাহিকগুলোর একঘেয়েমির মধ্যে এক নয়া ছন্দ বাঁধতে চলেছে এই ধারাবাহিক।
জি বাংলার এই নতুন ধারাবাহিকের গল্প অন্ধবিশ্বাস বনাম ভক্তি, ভাঁওতা বনাম সত্যি নিয়ে। গল্পে রয়েছে, নবগ্রামের মানুষের বৌরানি' নামে এক দেবীর ওপর দীর্ঘ বিশ্বাস। গ্রামের মানুষদের দেবীর ওপর অগাধ বিশ্বাস, দেবী তাঁদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, সুখ-দুখের দিকে নজর দেন। আর বিশেষ একটি দিনে দেবী তাঁর একটি ভক্তের ওপর ভর করেন। ভর করে দেবী স্বয়ং তাঁদের সঙ্গে কথা বলেন। দেবী বৌরানির পুজো যে পুরোহিত করতেন তাকে দুই দশক আগে থেকে রহস্যজনক ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তারপর থেকেই দেবী বৌরানির পুজোর দায়িত্বভার যায় গ্রামের এক জমিদার পরিবারের ওপর। আর দেবীর প্রতি মানুষের বিশ্বাসের সুযোগকে কাজে লাগায় জমিদার পুরুষোত্তম (কৌশিক চক্রবর্তী)।
২১ বছরের অষ্টমী (ঋতব্রতা দে) নবগ্রামে আসে। কলকাতার একটি হাসপাতালে কাজ ছেড়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে তার এই গ্রামে আসা। গ্রামের একটি স্কুলের শিক্ষিকা সে। গ্রামে আসার পর তার জীবনের অধ্যায় যেন পুরোই বদলে যায়। তার জীবনে সে সমস্ত ঘটনাগুলি ঘটতে থাকে তা যেন সবই আগে তার জীবনে ঘটেছে। যেন অনেকটা ‘দেজাভু’র মতো । অষ্টমী অল্প সময়ের মধ্যেই বুঝতে পারে গ্রামের অবস্থা। সে বুঝতে পারে জমিদার পুরুষোত্তমের আসল রূপ। সে নিজেকে দেবতার জায়গায় অধিষ্ঠিত করে গ্রামবাসীদের দিনের পর দিন ঠকিয়ে চলেছে।
অষ্টমী পুরুষোত্তমের সমস্ত কীর্তি, মানুষকে বোঝানের চেষ্টা করে। চেষ্টা করে সকলের সামনে তা ফাঁস করতে। যার ফলে অষ্টমী পুরুষোত্তমের পথের কাঁটা হয়ে ওঠে। গল্পের মধ্যে পুরুষোত্তমের চক্রান্তের জন্য অষ্টমী তার দুটি চোখ হারায়। তার চোখ হারানোর পর স্বয়ং দেবী কী তাকে রক্ষা করবেন? নাকি বাকি জগৎটাই তার
অন্ধকার হয়ে যাবে সেটাই এই ধারাবাহিকায় দেখার।
এই ধারাবাহিকায় ঋতব্রতা দে, কৌশিক চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, পিয়ালী মিত্র, প্রিয়াঙ্কা মিত্র, শিঞ্জিনী চক্রবর্তী, মনোজ ওঝা রয়েছেন। এই নতুন ধারাবাহিকটি আজ ৮ এপ্রিল থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিটে জি বাংলায় দেখা যাবে।