দ্য ওয়াল ব্যুরো: নিউমোনিয়ায় আক্রান্ত নাসিরুদ্দিন শাহ। হাসপাতালে চিকিত্সা চলছে গত দুদিন ধরে। জানিয়েছেন তাঁর ম্যানেজার। সংবাদমাধ্যমকে চিকিত্সায় ৭০ বছর বয়সি নাসিরুদ্দিন ভাল সাড়া দিচ্ছেন, স্থিতিশীল বলেও জানিয়েছেন তিনি। ফুসফুসে প্যাচ ধরা পড়ায় প্রবীণ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা দরকার হয়ে পড়ে। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী রত্না পাঠক ও সন্তানরা।
গত বছর বলিউডে বেশ কয়েকটি নক্ষত্রপতন হয়েছে। পরপর দুদিনে বলিউড হারিয়েছে ইরফান খান, ঋষি কপূরকে। আরও নামী কলাকুশলীরা চলে গিয়েছেন। তার মধ্যেই করোনাভাইরাস অতিমারী আবহে খবর ছড়িয়ে পড়েছিল, রূপোলি দুনিয়া, মঞ্চের খ্যাতিমান অভিনেতা নাসিরুদ্দিনও খুব অসুস্থ। তাঁর ছেলে ভিভান শাহ ট্যুইট করে খবরটি অসত্য বলে জানিয়ে দেন। গত বছরের ৩০ এপ্রিল তিনি লেখেন, সব কিছু ঠিক আছে। সবাই ভাল আছেন। বাবাও দারুণ আছেন। ওনার স্বাস্থ্য নিয়ে যাবতীয় ভুয়ো খবর মিথ্যে। তিনি ইরফান ভাই, চিন্টুজির প্রয়াণে শোকাতুর। তাঁদের জন্য প্রার্থনা করছেন। ওঁদের শূন্যতা বোধ করছেন খুব। ওঁদের দুই পরিবারকে গভীর সমবেদনা জানাই। আমাদের হৃদয়ের সব ভাবনা ওঁদের জন্য রইল। আমাদের সবার কাছে এটা ভয়াবহ ক্ষতি।
নিঃসন্দেহে তাঁর প্রজন্মের সবচেয়ে বেশি দাগ কেটে যাওয়া অভিনেতাদের অন্যতম নাসিরুদ্দিন। পদ্মশ্রী, পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০২০তে তাঁকে মি রকসম, বন্দিশ ব্যান্ডিটস—দুটি স্ট্রিমিং রিলিজে দেখা গিয়েছে।