
শেষ আপডেট: 2 October 2023 16:55
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানকে ঘিরে আপাতত তোলপাড় দুই দেশের বিনোদন জগত। বি টাউনে অভিনেত্রীদের বিয়ে ঘিরে যেমন উত্তেজনা তৈরি হয় এ দেশে ঠিক তেমন ভাবেই পাকিস্তানের সংবাদ মাধ্যমের চোখ এখন মাহিরার দিকে। সম্প্রতি ফাঁস হয়ে গিয়েছে অভিনেত্রীর বিয়ের ছবি এবং ভিডিও। কবে যে গোপনে মাহিরা বিয়ে সেরেছেন সে সম্পর্কে আগেভাগে জানতে পারেননি কেউই।
রবিবার মাহিরার ম্যানেজার নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রীর বিয়ের ছবি এবং ভিডিও। আচমকা মাহিরা খানের বিয়ের ছবি দেখেই চোখ কপালে উঠেছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেরই। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, কবে সাত পাকে ঘুরলেন মাহিরা? জানা গেছে, কিছু দিন আগেই দীর্ঘদিনের বন্ধু সালিম করিমের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
ভিডিওতে দেখা যাচ্ছে ভারী লেহেঙ্গায় সেজে মালাবদল করছেন মাহিরা এবং সালিম। সালিমের পরনে কালো শেরওয়ানি, মাথায় আকাশি রঙের পাগড়ি। পাকিস্তানের ভুরবানে ছবির মতো সাজানো পাহাড়ি এলাকায় চার হাত এক হল মাহিরা সালিমের।
প্রসঙ্গত, 'রইস' অভিনেত্রীর বিয়ের পিঁড়িতে বসা এই প্রথমবার নয়। এর আগেও একবার বিয়ে হয়েছিল তাঁর। সেই স্বামীর সঙ্গে একটি ছেলেও আছে মাহিরার। ২০১৫ সালে মাহিরার বিচ্ছেদ হয় প্রথম স্বামী আলি আসকরির সঙ্গে। একাধিক সাক্ষাৎকারে মাহিরা জানিয়েছেন অত্যন্ত অল্প বয়সে প্রথমবার বিয়ে হয়েছিল তাঁর। যখন বিচ্ছেদ হয় সেই সময়ে ছোট্ট ছেলেকে নিয়ে কী করবেন কোথায় যাবেন বুঝেই উঠতে পারেননি। এরপরই ২০১৭ সালে তাঁর জীবনে আসেন সালিম। তবে প্রথমে সালিমের পরিচয় এবং তাঁদের অন্তরঙ্গতার খবর গোপনেই রেখেছিলেন মাহিরা। তবে গোপন কথাটি আর রহিল না গোপনে।