
গ্লোব সিনেমাহল
শেষ আপডেট: 23 September 2024 13:33
দ্য ওয়াল ব্যুরো: গুপী গাইন বাঘা বাইন থেকে শুরু করে টাইটানিকের মতো ছবি প্রথম দেখা গিয়েছিল গ্লোব সিনেমাহলে। যাঁরা দেখেছিলেন, তাঁদের সেই নস্টালজিয়া ফিরে আসছে আবার। ২০ বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই প্রেক্ষাগৃহ ফিরছে নতুন ধাঁচে। পুজোর আগেই দুই পর্দার মাল্টিপ্লেক্স নিয়ে খুলছে গ্লোব।
মাল্টিপ্লেক্সের বাজারে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ঐতিহ্যবাহী সিনেমাহল। গ্লোব তো কেবল শুধু সিনেমাহল ছিল না, ইতিহাসও বটে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এবার সেই হলই ফের খুলছে ‘এসএসআর গ্লোব সিনেমাস’ নামে। এমনই সিদ্ধান্ত নিয়েছেন শতদীপ সাহা। যিনি গ্লোব সিনেমাহল কিনে ফেলেছেন ইতিমধ্যেই। সাজিয়েও ফেলেছেন মনের মতো করে।
১৯২২ সালে বিনোদনপ্রেমীদের জন্য খোলা হয়েছিল গ্লোব সিনেমা। তৎকালীন ব্রিটিশ সরকারের হাতে তৈরি হওয়া এই সিনেমাহলে একের পর এক হাউজফুল ছবি এসেছিল। সেই তালিকায় ছিল অবাংলা ছবি ম্যাকেনাস গোল্ড, বেন হুর, জস, স্টার ওয়ার্স, বেসিক ইনস্টিংক্ট এর মতো ছবি। পাশাপাশি চলেছিল গুপী গাইন বাঘা বাইন, ইন্টারভিউ, কোরাস, ঘরে বাইরের মতো ছবিও।
জানা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষেই খুলবে গ্লোব। নতুন আঙ্গিকে তৈরি হওয়া এই সিনেমাহলে থাকছে দু’টি অডিটরিয়াম। যার একটিতে আসন সংখ্যা ২৪৩ এবং অন্যটিতে ১৯৮।
শতদীপ জানাচ্ছেন, ‘দেভারা’ ছবি দিয়ে নতুন যাত্রা শুরু করবে ঐতিহ্যবাহী এই সিনেমাহল। প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে সইফ আলি খান, জাহ্নবী কাপুর, জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি।