দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রযোজক করিম মোরানির দুই মেয়ে জোয়া এবং শাজা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দুই বোনই। তবে শেষ দুটো রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁদের। তাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই বোন। তবে ডাক্তাররা জানিয়েছেন, আপাতত ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে জোয়া এবং শাজাকে। তবেই সম্পূর্ণ ভাবে সুস্থ হবে তাঁরা।
মার্চ মাসের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন শাজা। এবং ওই মাসেরই মাঝামাঝি রাজস্থান থেকে ফিরেছিলেন জোয়া। সফর থেকে ফেরার পরেই শাজার বিভিন্ন উপসর্গ দেখা দিলেও প্রাথমিক ভাবে জোয়ার কোনও লক্ষণ দেখা দেয়নি। শাজারই প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর টেস্ট করালে জোয়ার রিপোর্টও আসে কোভিড ১৯ পজিটিভ। দুই মেয়ের সংস্পর্শে থাকায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রযোজক করিম মোরানিও। মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই নানাবতী হাসপাতালেই ভর্তি ছিলেন শাজা মোরানিও। তবে জোয়ার চিকিৎসা হয়েছে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। গত ৭ এপ্রিল থেকে এই দু’জন ছিলেন মুম্বইয়ের দুই হাসপাতালে। চলেছে চিকিৎসা। অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোরানি পরিবারের দুই মেয়ে।
করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরতে পেরে স্বভাবতই স্বস্তিতে জোয়া এবং শাজা। সংবাদ সংস্থা পিটীআই-কে জোয়া জানিয়েছেন, “হাসপাতালের ডাক্তার-নার্স এবং সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সকলে খুবই যত্ন নিয়েছেন আমার। চিকিৎসার পাশাপাশি প্রতি মুহূর্তে আমার মনোবল বাড়ানোর জন্য ডাক্তাররা ছিলেন আমার পাশে। অনেক ধন্যবাদ ওঁদের। শেষ দুটো টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় আপাতত আমি স্বস্তিতে। এবার ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে খুব সাবধানে থাকতে হবে।“