.webp)
শেষ আপডেট: 19 January 2024 14:55
লীনা গঙ্গোপাধ্যায়ের যেকোনও সিরিয়াল যখন শুরু হয় তখন সে যেন খোলা হাওয়া মুক্ত অক্সিজেন হয়ে আসে দর্শকের কাছে। কিন্তু কিছু মাস পরেই সেই মুক্ত হাওয়া হয়ে ওঠে বদ্ধ কার্বন ডাই অক্সাইড। নিজের একই গল্পের বারবার অনুকরণ চলতে থাকে। শুধু পাল্টে যায় চরিত্ররা। লীনার দেখানো পথেই হাঁটছেন তাঁর পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়।
'কার কাছে কই মনের কথা', সর্বাধিক জনপ্রিয় সিরিয়ালের আসনে উঠে এসেছিল কয়েক মাসে। সিরিয়ালের চিত্রনাট্য সংলাপে লীনা গঙ্গোপাধ্যায় স্বয়ং এবং প্রযোজক লীনাপুত্র অর্ক গঙ্গোপাধ্যায়।
শিমুল বিয়ে হয়ে আসার পর থেকে শ্বশুরবাড়ির লোকেদের হাতে অত্যাচারিত হতো। মূল অপরাধী তার স্বামী পরাগ। পরাগের নামের মতোই তার স্বভাব। সে ফুলে ফুলে মধু খেয়ে বেড়াতে ভালবাসে।সঙ্গে শিমুলের শাশুড়ি,দেওর, ভাবী জা-ও কম যায় না।ক্রমশ শিমুলের সততায় ও ভালবাসায় শাশুড়ি মধুবালারমানসিকতা বদলে যায়। তিনি এখন শিমুলের মা হয়ে উঠেছেন। মধুবালাও অতীতে স্বামী শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করেছিলেন। সংসারের অনেক ঘটন-অঘটনের পর শিমুলের শাশুড়ি মধুবাল বৌমার পক্ষে এসেছেন।কিন্তু ততদিনে শিমুলের সঙ্গে পরাগের ডিভোর্স হয়ে গেছে। এবার শুরু হয়েছে নতুন খেলা। শিমুলের সতীন এসে হাজির সংসারে।
শিমুলের চরিত্রে মানালি দে,শাশুড়ি চরিত্রে ঋতা দত্ত চক্রবর্তী,পরাগ চরিত্রটি করেছেন দ্রোণ মুখোপাধ্যায় , পুতুল চরিত্রে শ্রীতমা ভট্টাচার্য খুব সুন্দর অভিনয় করছেন। এছাড়া এই সিরিয়ালে সৌনক রায়,রাজশ্রী,বাসবদত্তা,স্নেহা অভিনয় করছেন। শিমুলের সতীন প্রিয়ার চরিত্রে রয়েছেন বর্ণিনী চক্রবর্তী।
তবে চিন্তার কথা এটাই যে এখন অর্ক গঙ্গোপাধ্যায়ের 'কার কাছে কই মনের কথা'র প্লট যেন 'শ্রীময়ী'র অনুকরণ হয়ে উঠেছে। শ্রীময়ীর কাহিনী বিন্যাসের আইডিয়া ছিল লীনা গঙ্গোপাধ্যায়ের। আর 'কার কাছে কই মনের কথা' সিরিয়ালের চিত্রনাট্যও লীনা গঙ্গোপাধ্যায়েরই।
ঠিক যেমন ভাবে ইন্দ্রাণী হালদার ওরফে শ্রীময়ী স্বামীর সঙ্গে ডিভোর্সের পর শ্বশুরবাড়িতেই থেকে গেছিল শ্বশুরের আশ্রয়ে, তেমনই শিমুল তার শাশুড়ি ও ননদকে দেখবে বলে থেকে গেছে শ্বশুরবাড়িতে। শুধু তাই নয়, শ্বশুরবাড়িতে থেকেই বরের দ্বিতীয় বিয়ের আয়োজন করছে শিমুল মানালি। একই ভাবে শ্রীময়ী নিজে দাঁড়িয়ে থেকে স্বামী অনিন্দ্য ও জুনের বিয়ে দিয়েছিল। শ্রীময়ীর সময় এই প্লট ছিল ভীষণ ভাবেই জনপ্রিয়। কিন্তু এখন 'ইচ্ছে পুতুল' থেকে 'কার কাছে কই মনের কথা' সবেতেই এক গল্পের রিপিটেশন দেখা যাচ্ছে।
সংসারের অন্দরমহলের গল্প তুলে ধরেই মেয়েদের প্রতিবাদী মনকে বাঁচিয়ে রাখছিল এই সিরিয়াল। বহু মেয়ের না বলতে পারা কথা যেন রূপ পেয়েছিল এই ধারাবাহিকে। কিন্তু পুরনো বস্তাপচা কনসেপ্ট, একই প্লট নতুন সিরিয়ালে আবার দেখাচ্ছেন লীনা। দর্শক বিরক্ত হচ্ছেন। তাঁরা বলছেন শিমুল যেন সস্তার শ্রীময়ী।
শিমুল জানায়, তার প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের কাজকর্মও সে-ই করবে। শ্রীময়ীর মতোই শিমুল বরের আশীর্বাদ, হলুদকোটা থেকে বিয়ের সবরকম ব্যবস্থা করছে। শিমুল দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছে পরাগ আর প্রিয়ার। এটা দেখে রীতিমত বিরক্ত দর্শক। এই অবস্থায় টিআরপি কমতে বাধ্য।
অথচ ক'মাস ধরে 'কার কাছে কই মনের কথা' সর্বাধিক প্রিয় ছিল দর্শকদের। একটি মেয়ের লড়াই তার সাহস সমাজে শোষিত অবহেলিত নারীদের সাহস যোগাচ্ছিল। কিন্তু শ্রীময়ীর বহু চর্চিত প্লট তুলে আনাতেই দর্শক চাহিদা কমছে সিরিয়ালের। একসময় যে সিরিয়াল নতুন আলো জ্বালিয়েছিল সমাজে সেই সিরিয়াল আজ সমাজ দূষণ বাড়াচ্ছে। অন্যান্য কাজে লীনার ব্যস্ততাই কি এই দায়সারা কাজের জন্য দায়ী?