.jpg)
সাংবাদিক সম্মেলনে অরূপ ও ইন্দ্রনীল
শেষ আপডেট: 7 February 2025 21:52
দ্য ওয়াল ব্যুরো: ফেডারেশন ও পরিচালক গিল্ডের ঝামেলার জেরে বৃহস্পতিবার রাতেই পরিচালকরা জানিয়ে দিয়েছিলেন, শুক্রবার থেকে তাঁরা আর কাজ করবেন না। যত দিন না ঝঞ্ঝাট মেটে, তাঁদের দাবি শোনা না হয়, ফ্লোরে যাবেন না। যার ফল শুক্রবার সকাল থেকে টলিপাড়ায় শ্যুট থমকে যায় বেশ কিছু ধারাবাহিকের।
সেই উপলক্ষেই এ দিন সন্ধেবেলা সরকারের তরফে দুই পক্ষের সঙ্গে কথা বলতে হাজির হন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস। বৈঠকশেষে সংবাদমাধ্যমের মুখোমুখিও হতে দেখা যায় তাঁদের। আলোচনা শেষে মিলল কি সমাধান সূত্র? ফের সচল হল টলিপাড়া? কী বললেন ইন্দ্রনীল?
তাঁর কথায়, "আজকে কোনও ধর্মঘট ছিল না। কিছু কারণে কিছু পরিচালক নিজেদের প্রত্যাহার করেছিলেন শুটিং থেকে। আজ ৩৭ খানা ফ্লোরের ২৯টা ফ্লোরে শুটিং হয়েছে। বাকি আটটা ফ্লোরের মধ্যে ৪টে ফ্লোরে শুটিং হওয়ার কথা ছিল না। চারটে ফ্লোরে শুধু শুটিং হয়নি। সেটাও কিন্তু ভুল বোঝাবুঝির জন্য।"
এর পরেই তিনি যোগ করেন, "একান্নবর্তী পরিবারে রাগ-দুঃখ অভিমান হয়। আমরা আশা করছি আগামী দু'এক দিনের মধ্যে শান্ত ভাবে কাজ শুরু হবে।" ইন্দ্রনীলের সুরেই সুর মেলালেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। তবে তাঁরও আশ্বাস দু'এক দিনের মধ্যেই শুটিং শুরু হবে। সত্যিই কি তাই? উত্তর যদিও লুকিয়ে সময়ের হাতে।