
দীপঙ্কর দে ও দোলন রায়
শেষ আপডেট: 20 February 2025 18:03
'চাই গো আমি তোমারে চাই, তোমারেই শুধু চাই... এই কথাটি সদাই মনে বলতে যেন পাই'-- গুরুগম্ভীর কণ্ঠস্বর। নাভিমূল থেকে উঠে আসা গাম্ভীর্যকে সঙ্গী করে স্ত্রী দোলন রায়ের উদ্দেশে এই কবিতাই শুনিয়েছিলেন অভিনেতা দীপঙ্কর দে। সাক্ষী ছিল দ্য ওয়াল।
প্রেমে দারুণ বিশ্বাসী দীপঙ্কর। আজও দোলন সদ্য স্নান সেরে ভিজে চুল আর হালকা হয়ে আসা সিঁদুর পরে ঘুরে বেড়ালে মন নেচে ওঠে তাঁর। তবে জেন জি ও জেন ওয়াইয়ের এই তুই-তোকারি প্রেম তাঁর মোটে পছন্দ নয়।
রইল গোটা সাক্ষাৎকার
দ্য ওয়ালকে বলছিলেন, "এই তুই-তোকারিতে না প্রেম হয় না। বন্ধুত্ব হয়। আজকাল ছেলেমেয়েদের একটা কথাই বলতে চাই, যা করছ ভালই করছ, তবে একটু বুঝেশুনে কর। তোমাদের আচরণের মধ্যে, তোমাদের ব্যবহারের মধ্যে যেন গভীরতা প্রকাশ পায়। পরস্পর পরস্পরের উপর নির্ভরতাটা যেন থাকে। ওই একটু কফি হাউজে গিয়ে কফি খেলাম, একটু বাইকে করে ঘুরলাম-- এটা প্রেম নয়।"
দোলন ও দীপঙ্করের বয়সের ফারাক অনেক বছরের। সালটা ৯০-এর দশক। সে সময়ে বিবাহিত দীপঙ্করের প্রেমে পড়েন দোলন। একসঙ্গে থাকতে শুরু করেন। কম নিন্দে হয়নি। একে বিবাহিত, অন্যদিকে বয়সে বড়। অনেকেই দাবি করেছিলেন খ্যাতির জন্য দীপঙ্কর দে'কে খুঁটি করে উঠতে চাইছেন দোলন।
যদিও সেই সব পেরিয়ে আজ তাঁরা হ্যাপিলি ম্যারেড। ২০২০ সালে বিয়ে করেছেন। চার বছর পেরিয়ে গিয়েছে। প্রেম কোনও খামতি নেই।