
শেষ আপডেট: 16 November 2023 16:28
দ্য ওয়াল ব্যুরো: মুম্বই এসে শুধু ক্রিকেট দেখে ফিরে যাবেন, তাও আবার হয় নাকি! মায়ানগরীতে এখন উৎসবের মেজাজ। সেই উৎসবে ডেভিড বেকহ্যামের মতো মহাতারকা যোগ দেবেন, সেটাই তো স্বাভাবিক। বুধবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ শেষ হতেই তাই তিনি পৌঁছে গেলেন অভিনেত্রী সোনম কাপুর ও তাঁর স্বামী আনন্দ আহুজার আয়োজিত পার্টিতে। ছবি তুললেন বলিউড তারকাদের সঙ্গে। সোনমদের অভ্যর্থনায় বেজায় খুশি বেকহ্যামও।
বুধবার রাতের পার্টিতে প্রাক্তন ফুটবলারই ছিলেন প্রধান অতিথি। আর বেকহ্যাম তো শুধুই ফুটবলার না, স্টাইল আইকনও। নয়ের দশকে বেড়ে ওঠা সমস্ত ফুটবলপ্রেমীদের কাছে ‘চাইল্ডহুড ক্রাশ’ তিনি। সেই তালিকায় পড়েন অভিনেতা শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুতও। সোনমের পার্টিতে উপস্থিত ছিলেন দু’জনেই। তাই বেকহ্যামকে হাতের নাগালে পেয়ে ছবি তোলার সুযোগ ছাড়েননি শাহিদ। সস্ত্রীক প্রাক্তন ফুটবলারের সঙ্গে ছবি তুলে পোস্ট করেন ইনস্টাতে।
View this post on Instagram
ক্যাপশনে শাহিদ লিখেছেন, “যখন আমি এবং আমার স্ত্রী আমাদের টিনএজ ক্রাশকে সামনে দেখি।” বেকহ্যামের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন করিশ্মা কাপুর, সঞ্জয় কাপুররাও। করিশ্মা মোট দু’টি ছবি পোস্ট করেছেন। তার একটিতে দেখা যাচ্ছে, দু’জনে পাশাপাশি দাঁড়িয়ে। আর একটি ছবিতে করিশ্মার উষ্ণ আলিঙ্গনে ধরা দিয়েছেন বেকহ্যাম।
View this post on Instagram
অভিনেতা তথা সোনমের কাকা সঞ্জয় কাপুর বেকহ্যামের সঙ্গে তাঁর পরিবারের ছবি পোস্ট করেছেন। এছাড়াও বেকহ্যামের সঙ্গে ছবি পোস্ট করেছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরাও।
উল্লেখ্য, ইউনিসেফের ‘গুডউইল অ্যাম্বাসাডর’ হিসাবে চারদিনের সফরে ভারতে এসেছেন ডেভিড বেকহ্যাম। মূলত নারী শিক্ষা, নারী-পুরুষ সমানাধিকার—এসব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই তাঁর এদেশে আসা। গুজরাতে তাঁর কর্মসূচিতে এহেন নানারকম কাজের পাশাপাশি সেখানকার ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে ক্রিকেটও খেলেন তিনি। এরপর বুধবার আইসিসির আমন্ত্রণে বিশ্বকাপ দেখতে যান এবং রাতে কর্মসূচি শেষে যোগ দেন বলিউডের পার্টিতে।