
শেষ আপডেট: 28 October 2023 20:45
দ্য ওয়াল ব্যুরো: জি বাংলায় যে কয়টি অনুষ্ঠান হয় তার মধ্যে ডান্স বাংলা ডান্সের জনপ্রিয়তা যথেষ্ট বেশি সকলের মধ্যে। অঙ্কুশ, মিঠুন চক্রবর্তী, শুভশ্রী সহ একগুচ্ছ রুপোলি পর্দার তারকাদের সঙ্গে একদল প্রতিযোগীর নাচের ধুন্ধুমার প্রতিযোগিতা রীতিমতো টানটান বসিয়ে রাখে সকলকে। আগামীকাল অর্থাৎ রবিবার এই জনপ্রিয় রিয়্যালিটি শো-এর ফাইনাল হতে চলেছে।
ডান্স বাংলা ডান্সের গ্র্যান্ড ফিনালে-তে একের পর এক ধুন্ধুমার পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ বিচারকরা ও মহাগুরু। রাজন্যা, সুমন, স্নেহাশ্রিতা, পৃথ্বীরাজ, সুকৃতির এনার্জি এবং অভিব্যক্তি যেন আগুন যা দেখে মহাগুরু ওরফে মিঠুন থেকে বিচারক শুভশ্রী, মৌনি রায় এবং শ্রাবন্তী একেবারে মুগ্ধ।
অন্যদিকে স্নেহা, ভূমিকা, প্রিয়াঙ্কা , দিশার দুর্দান্ত নাচ গ্র্যান্ড ফিনালে-কে নিয়ে গেছে এক অন্য মাত্রায়। সঙ্গে থাকছে বিচারক মৌনি রায়-এর চোখ ধাঁধানো নাচ, অঙ্কুশ এর খুনসুটি ও কেকের সঙ্গে ম্যাজিশিয়ান এর শেষ বেলার লড়াই। নাচের মহাযুদ্ধে কে হাসবে শেষ হাসি? কার মাথায় উঠবে গ্র্যান্ড এমজি ক্রাউন? উত্তর মিলবে এই রবিবার শেষ পর্বে।
উল্লেখ্য ডান্স বাংলা ডান্স-এর এই সিজনে যেমন অনেক সুখের মুহূর্ত তৈরি হয়েছে তেমনই নানা সময়ে চোখ ভিজেছে দর্শকের। প্রসঙ্গত, এই সিজনে অন্যতম বিচারক শুভশ্রী অন্তঃসত্ত্বা ছিলেন। এই মঞ্চেই সকলে মিলে সাধের অনুষ্ঠান পালন করেন।