
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 13 February 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট'-এ বাবা-মায়ের শারীরিক সম্পর্ক নিয়ে মন্তব্য করার জন্য রোষের মুখে বিখ্যাত ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া। ধিক্কার জানানো হচ্ছে ওই শোয়ে উপস্থিত আরেক ইউটিউবার সময় রায়নাকেও। নানা ক্ষেত্রে তাঁদের মন্তব্যের বিরোধিতা চলছে। দায়ের হয়েছে অভিযোগও। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র সাইবার সেলের তরফে সমন পাঠানো হয়েছে সময়কে। দ্বিতীয়বার ডাক পেয়ে তাঁর উত্তর মহারাষ্ট্রে নেই, আছেন আমেরিকায়। তাহলে কি ভয়ে পালিয়ে গেলেন দেশ ছেড়ে? খবর ছড়াতেই উঠছে প্রশ্ন।
ইন্ডিয়াস গট ল্যাটেন্টে রণবীর এক প্রতিযোগীকে জিজ্ঞাসা করে বসেন, 'তুমি কি বাকি জীবনে প্রতিদিন তোমার বাবা-মাকে যৌনমিলন করতে দেখবে, নাকি একবার তাতে অংশ নিয়ে তা চিরতরে বন্ধ করে দেবে।' এটি ছোট ক্লিপ হিসেবে শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। এই মন্তব্য খুবই অশ্লীল ও রুচিহীন বলে দাবি করেন অনেকে। তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাঁদের।
রণবীর আল্লাহবাদিয়া এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে একে 'বিচারবোধের ভুল' বলে ব্যাখ্যা করেন। জানান, কমেডি শো বা কমেডি সংক্রান্ত কিছুই তাঁর জন্য নয়। এদিকে নিজের অ্যাকাউন্ট থেকে ইন্ডিয়াস গট ল্যাটেন্টের সব এপিসোড মুখে ফেলেন সময়। তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন।
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের বয়ান রেকর্ড করা হয়েছে, যার মধ্যে রয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অপূর্বা মাখিজা। খুব শীঘ্রই ডাকা হবে রণবীর আল্লাহবাদিয়াকেও। এনিয়েই ডাকা হয় সময় রায়নাকে। কিন্তু তিনি দ্বিতীয়বার ডাকে জানিয়ে দেন, দেশে নেই, আছেন যুক্তরাষ্ট্রে। ফিরবেন ১৭ তারিখ। এছাড়া মহারাষ্ট্র সাইবার সেল শোটির ৪০ জন বিচারক ও প্রতিযোগীকে তদন্তের অংশ হিসেবে তলব করেছে।
এই বিতর্ক এই পর্যন্ত থেমে আছে এমন নয়। এনিয়ে সংসদে চর্চা হয়েছে। শিবসেনার সাংসদ নরেশ মহাস্কে সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণের জন্য একটি কঠোর আইন প্রণয়নের দাবি তুলেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই প্রসঙ্গে বলেন, 'মতপ্রকাশের স্বাধীনতা সবার আছে, তবে সেটির সীমা লঙ্ঘন করলে তা গ্রহণযোগ্য নয়। সমাজের কিছু নিয়ম রয়েছে, সেগুলো অমান্য করলে ব্যবস্থা নেওয়া উচিত।'
জাতীয় মহিলা কমিশন (NCW) রণবীর আল্লাহবাদিয়া, সময় রায়না, অপূর্বা মাখিজা, জসপ্রীত সিং, আশিস চঞ্চলানি এবং শো-এর প্রযোজকদের ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন বলি সেলেবদের একাংশও। এখন জল কোনদিকে গড়ায়, কতোটা গড়ায় সেটাই দেখার।