
শেষ আপডেট: 12 February 2023 10:18
দ্য ওয়াল ব্যুরো: আকাশি রঙের জার্সি পরে হকি স্টিক নিয়ে মাঠ কাঁপাতে দেখা গিয়েছিল তাঁকে। এবার সেই মেয়ের গায়ে উঠল বেগুনি রঙের লেহেঙ্গা-চোলি। সবুজ মাঠ নয়, তাঁর দেখা মিলল বিয়ের মণ্ডপে। তিনি ‘চক দে ইন্ডিয়া’ (Chak De India) খ্যাত অভিনেত্রী তানিয়া আব্রোল (Tanya Abrol)। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক আশিস ভার্মার সঙ্গে বিবাহবন্ধনে (wedding) আবদ্ধ হলেন তিনি।
২০০৭ সালে শাহরুখ খান অভিনীত ‘চক দে ইন্ডিয়া’য় অভিনয় করেই পরিচিতি পেয়েছিলেন তানিয়া। এরপর আরও অনেক হিন্দি ছবিতে অভিনয় করলেও দর্শক তাঁকে মনে রেখেছে 'বলবীর কৌর' নামেই। এবার সেই রগচটা হকি খেলোয়াড়কেই দেখা গেল নববধূর সাজে। তাঁর একসময়ের সহ-অভিনেত্রীই নেটমাধ্যমে পোস্ট করেছেন তানিয়ার বিয়ের একগুচ্ছ ছবি। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। অভিনেত্রীকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন সবাই।
২০০৭ সালে যশ ফিল্মসের প্রযোজনায় মুক্তি পেয়েছিল 'চক দে ইন্ডিয়া'। শিমিত আমিন পরিচালিত সেই ছবির মুখ্য ভূমিকায় শাহরুখ খান ছাড়াও দেখা গিয়েছিল একঝাঁক নতুন অভিনেত্রীদের। তাঁদের মধ্যে ছিলেন তানিয়া আব্রোল। ছবিতে তানিয়া অভিনীত 'বলবীর কৌর' এখনও মনে রেখেছেন দর্শকরা। সম্প্রতি আয়ুষ্মান খুরানার 'চণ্ডীগড় করে আশিকি' ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তানিয়াকে।
মাধবন-পুত্র 'খেলো ইন্ডিয়া'র আসর মাতিয়ে দিলেন! সাঁতরে জয় ৫টি সোনা, দু'টি রুপো