
শেষ আপডেট: 26 February 2024 17:50
দ্য ওয়াল ব্যুরো: পরিচালক সৌম্য সেনগুপ্তর তথ্যচিত্র 'বাংলার মুখ আমি দেখিয়াছি'-র মুক্তি আটকাল 'সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন'।
তথ্যচিত্রের পরিচালক সৌম্য জানিয়েছেন, জানুয়ারির ৩ তারিখ তিনি বোর্ডে তথ্যচিত্র জমা করে ছাড়পত্রের আবেদন করেন। ১৫ জানুয়ারি সেখানে তথ্যচিত্রটি দেখা হয়। তারপরই ১৮ জানুয়ারি বোর্ডের পক্ষ থেকে পরিচালককে ফোন করে বলা হয়, এই তথ্যচিত্রের সার্টিফিকেট রিজেক্ট করা হয়েছে। কারণ জিজ্ঞেস করলে জানানো হয়, ওঁর এই তথ্যচিত্র 'সিনেমাটোগ্রাফ অ্যাক্ট লঙ্ঘন করেছে, তাই এটি রিভাইজিং কমিটি দেখবে।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতার কিছু প্রেক্ষাগৃহে তথ্যচিত্রটি দেখানোর কথা ভেবেছিলেন পরিচালক। কিন্তু তা সম্ভব হয়নি। সৌম্য আরও জানান, হিন্দি সাম্রাজ্যবাদের ওপরে প্রথম কোনও তথ্যচিত্র তৈরি হল। এই 'বাংলার মুখ আমি দেখিয়াছি' ছবিতে পশ্চিমবঙ্গে হিন্দি চাপিয়ে দেবার বিষয়টি দেখানো হয়েছে।
পরিচালকের ধারণা এই ছবি দেখাতে না দেওয়ার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে। বাংলাপক্ষের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়ও এই তথ্যচিত্রের সঙ্গে জড়িত। তিনিও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরিচালক সৌম্য সেনগুপ্ত বলেন, 'প্রথমে ডকুমেন্টারি তৈরির জন্য লড়াই করেছি। এখন লড়াই চলছে ডকুমেন্টারি রিলিজ করার জন্য। কিন্তু দেরী হলেও এই লড়াইতে জয় আমাদেরই হবে।'