
ব্রায়ান অ্যাডামস
শেষ আপডেট: 6 August 2024 18:07
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা তাঁকে ভালোবাসে 'স্ট্রেট ফ্রম দ্য হার্ট'। তিলোত্তমার মানুষ তাঁর 'সামার অফ ৬৯' গানের ভক্ত। সেই পপ-রক তারকা ব্রায়ান অ্যাডামস আসছেন কলকাতায়। শহরবাসীরা এবার বিশ্বখ্যাত শিল্পীর গানের লাইভ শো দেখার সুযোগ পাবেন। ব্রায়ান তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমি ফের ভারতে আসছি। খুব উত্তেজিত। আসছি আমার ‘সো হ্যাপি ইট হার্টস’ সফরে।’’
এর আগে ভারতে পাঁচ বার অনুষ্ঠান করতে এসেছিলেন ব্রায়ান। কিন্তু কলকাতায় তাঁর আসা হয়নি। যদিও এবারও হত না। 'ব্রায়ান অ্যাডামস ইন্ডিয়া ট্যু'র ঘোষণা হওয়ার পরই জানা গিয়েছিল, দেশের আর চারটে শহরের সঙ্গে শিলংয়ে শো করবেন শিল্পী। যা শুনে কলকাতার ব্রায়ান অনুরাগীরা রীতিমতো শিলংয়ে যাওয়ার তোড়জোরও শুরু করেছিলেন। তবে আপাতত সেই পরিকল্পনা বাতিল করতেই পারেন। কারণ এই শহরেই আসছেন তিনি। টানা ১০ দিন ধরে নানা আলোচনার পর কলকাতায় শো করতে রাজি হয়েছেন ব্রায়ান, এমনটাই জানা গেছে।
View this post on Instagram
সঙ্গীত সফরে বেরোবেন ব্রায়ান অ্যাডামস, শিল্পী নিজেই সেকথা ঘোষণা করেছিলেন। তাঁর গানের একটি অ্যালবামের নামে সফরের নাম রাখা হয়েছিল ‘সো হ্যাপি ইট হার্টস’। চলতি বছরের ডিসেম্বরে ভারতে আসছেন কানাডার শিল্পী। আগামী ৮ ডিসেম্বর কলকাতা থেকেই তাঁর ভারতে গানের সফর শুরু হবে। কলকাতা ছাড়াও গুরুগাও, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদে শো করবেন ব্রায়ান। ১৬ ডিসেম্বর হায়দরাবাদে শেষ শো হবে ব্রায়ানের।
জানা গেছে, অ্যাকুয়াটিকায় অনুষ্ঠিত হবে ব্রায়ানের শো। টিকিটের দাম শুরু ১,৯৬৯ । গায়কের 'সামার ৬৯' গান থেকে অনুপ্রাণিত হয়েই এরকম দাম রাখা হয়েছে। পৃথিবীখ্যাত গায়কের শোয়ের টিকিটের দাম ২০ হাজার পর্যন্ত যেতে পারে। আগামীকাল বুধবার থেকে জোম্যাটো লাইভে দর্শকরা টিকিট কিনতে পারবেন।