
বনি
শেষ আপডেট: 25 April 2025 13:36
দ্য ওয়াল ব্যুরো: একটা বন্ধুত্বের গল্প, যেখানে বয়স কোনো বাধা নয়। এবার সেই অসমবয়সী বন্ধুত্বকেই বড়পর্দায় নিয়ে আসছেন অভিনেতা বনি সেনগুপ্ত। নতুন ছবি ‘কেয়ার অফ জার্নি (Care of a Journey)’—যার পরিচালনায় রয়েছেন প্রতীক সরকার। এই ছবির মাধ্যমে উঠে আসবে এক নিঃসঙ্গ শিশুর বাবাকে খোঁজার যাত্রা এবং এক অচেনা মানুষ সঙ্গে তার আত্মিক সম্পর্কের রসায়ন।
ছবির কেন্দ্রে রয়েছে সাত বছরের এক ছেলে, পাটু। মা নেই, বাবা তাকে ছেড়ে চলে গিয়েছে বহুদিন আগে, এখন সে থাকে তার বৃদ্ধা ঠাকুমার সঙ্গে এক প্রত্যন্ত গ্রামে। কিন্তু ছোট্ট পাটুর মনে গভীর বাসনা—বাবাকে আবার খুঁজে পাওয়া। সেই ইচ্ছেকে সত্যি করতে গরমের ছুটিতে কাউকে না জানিয়ে সে একাই পাড়ি দেয় কলকাতা শহরে। এ শহরে সে চেনে না কাউকে। হঠাৎ তার পরিচয় হয় এক যুবক বামার সঙ্গে—যার চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত। বয়সের বিশাল ব্যবধান থাকা সত্ত্বেও গড়ে ওঠে এক অদ্ভুত, অথচ গভীর বন্ধুত্ব। শুরু হয় তাদের এক অনন্য যাত্রা—পাটুর বাবার সন্ধানে।
ছবিতে পাটুর চরিত্রে অভিনয় করছেন তৃষানজিৎ চৌধুরী। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সুপ্রিয় দত্ত, এবং ছবির প্রযোজনায় রয়েছে ‘মহাদিগন্ত কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক’। প্রযোজক ময়ূখ দাস। চিত্রনাট্য লিখেছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু। শুটিং হবে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে। ছবির অন্যতম চমক, এখনও প্রকাশ হয়নি ছবির নায়িকার নাম। পরিচালক জানান, পরিচিত কোনও মুখই থাকবেন এই চরিত্রে।
অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, ‘এটা শুধু একটা সিনেমা নয়, এটা একটা অনুভব। বন্ধুত্বের তো কোনো বয়স হয় না। বামা আর পাটুর সম্পর্কটাই এই ছবির প্রাণ। পুরোপুরি মাটির গন্ধে মোড়া এই গল্পটা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’