
শেষ আপডেট: 5 January 2024 16:26
দ্য ওয়াল ব্যুরো: ‘অ্যানিম্যাল’ ছবিতে খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন বলিউড অভিনেতা ববি দেওল। নিজের কাজের জন্য সিনে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন। ৩ ঘণ্টা ২১ মিনিটের ছবিতে তাঁর চরিত্র ছিল মেরেকেটে ১৫ মিনিট। কিন্তু সীমিত সময়েই বাজিমাত করেন ধর্মেন্দ্র-পুত্র।
এক সময় ববি দেওলের হিট ছবির তালিকায় ছিল ‘গুপ্ত’, ‘সোলজার’, ‘বিচ্ছু’, ‘বরসাত’। সময়ের সঙ্গে সেই অ্যাকশন হিরো অদ্ভুতভাবে হারিয়ে গিয়েছিলেন। কাজের জন্য অনেকবার আর্জি জানিয়েও সাড়া পাননি, অভিনেতার গলায় এমন আক্ষেপের সুর শোনা গিয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটায় ববির প্রথম ওটিটি রিলিজ ‘আশ্রম’। এরপর নয়ের দশকের অ্যাকশন হিরো যে ২০২৩-এ ‘অ্যানিম্যাল’-এ চমকে দেবেন, তা অনেকেই ধারণাই করতে পারেননি।
'আব্রার’ চরিত্রে ববি দেওলের ‘জামাল কুদু’ নাচের দাপট এখন ভারতের সর্বত্র। রাতারাতি সুপারস্টারের তকমা ফিরে পেলেও তিনি ঝেড়ে ফেলেছেন নায়কোচিত পুরনো সব অভ্যাস। সম্প্রতি তেমনই প্রমাণ মিলেছে। মুখ ঢেকে বিশাল নিরাপত্তা নিয়ে নয়, আর পাঁচজন আম জনতার মতোই ববি দেওয়ালকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। কিন্তু ভক্তদের ভিড়ের যে দৃশ্য তাঁর জীবন থেকে হারিয়ে গিয়েছিল সেই হারানো ছবিরই মুখোমুখি হলেন ববি। নিরাপত্তারক্ষী না থাকায় মুম্বই বিমানবন্দরে ববিকে ছেঁকে ধরেন ভক্তরা। জনতার ভিড়ে যেন অভিনেতার চিড়েচ্যাপ্টা হওয়ার জোগাড়!
View this post on Instagram
তারকাদের ঘিরে এয়ারপোর্টে পাপারাৎজিতের ভিড় নতুন নয়। তবে বেশিরভাগে ক্ষেত্রেই সেলিব্রেটিরা ক্যামেরার সামনে ধরা দিতে চান না। বিরল ছবি দেখা গেল ববি দেওলের ক্ষেত্রে। আদ্যোপান্ত কালো পোশাকে ববি একেবারে ড্যাপার লুকে ধরা দিয়েছেন।
‘আশ্রম’ দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেও অ্যানিম্যালে যেন ববি দেওয়ালকে একেবারে নতুনভাবে দেখা গিয়েছে। তাঁর দাপুটে প্রত্যাবর্তন নিয়ে বর্তমানে সিনে সমালোচকদের কলমেও প্রশংসার বন্যা। এমনকী ছবিতে ববি দেওলের চরিত্র আরেকটু বেশি দৈর্ঘ্যের কেন রাখলেন না পরিচালক, সেই আক্ষেপও শোনা গিয়েছে!