
শেষ আপডেট: 31 May 2023 07:30
দ্য ওয়াল ব্যুরো: ৫৭ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পর থেকেই নিন্দকদের সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। প্রাক্তন স্ত্রী রাজসী বড়ুয়ার (Rajoshi Barua) সঙ্গে বছরখানেক আগেই ডিভোর্স (divorce) হয়েছে তাঁর। যদিও সে কথা অনেকেই জানতেন না। গত বৃহস্পতিবার ব্যবসায়ী রুপালি বড়ুয়ার সঙ্গে বিয়ের পরই বিষয়টি প্রকাশ্যে আসে। এবার সেই পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা। বললেন, রাজসীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত একেবারেই সহজ ছিল না।

তিনি বলেন, "এই সিদ্ধান্ত ভীষণই কষ্টদায়ক ছিল। কারণ পিলু (রাজসি)-র সঙ্গে আমার শুধুই স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়, কোনওদিন ছিলও না। ওঁকে শুধু আমার সন্তানের মা ভাবিনি। পিলু আমার সর্বক্ষণের সঙ্গী ছিল। এখনও খুব ভাল বন্ধু। আমার পরিবারকে এই বিয়েতে রাজি করাতে কম কাঠখড় পোড়াতে হয়নি।"
এরপর তিনি আরও বলেন, "সবাই হয়তো ভাবছে আমি খুব সাধারণভাবেই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিতে পেরেছি। কিন্তু তা একেবারেই নয়। আমার বন্ধু রাজসী কী ভাববে না ভাববে সেসবই আমার মাথায় চড়কির মতো পাক খেয়েছে। এরপর আমার ছেলেকেও বোঝাতে হয়েছে, কেন আমি বিয়ে করতে চাইছি। কেন নতুন করে জীবনটা শুরু করতে চাই। সে রাজি হওয়ার পরই এটা সম্ভব হয়েছে।"

কীভাবে রুপালির সঙ্গে আলাপ হয়েছে, সে কথাও জানিয়েছেন আশিস বিদ্যার্থী। তিনি জানান, "গতবছর রাজসীর সঙ্গে বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হওয়ার পর ভ্লগিংয়ের কাজে গিয়ে আমার রুপালির সঙ্গে আলাপ হয়। সেখান থেকেই বন্ধুত্ব এবং একে অপরের সঙ্গে সময় কাটাতে কাটাতে বুঝতে পারি যে একসঙ্গে থাকলে দু'জনেই ভাল থাকব। রুপালিও পাঁচবছর আগে নিজের স্বামীকে হারিয়েছে। ও নিজেও আবার বিয়ের ব্যাপারে নিমরাজি ছিল। কিন্তু যখন দু'জনেই বুঝলাম যে, একসঙ্গে ভাল থাকাটা প্রয়োজন, তারপরেই বিয়ের সিদ্ধান্ত নিই।"
'বুড়ো বয়সে বিয়ে! ছিঃ!', সমালোচকদের কড়া জবাব আশিস বিদ্যার্থীর