অভিনেত্রীর জীবনে এমনই এক অধ্যায় আসে ছেলে হওয়ার পর। মাতৃত্বের কারণে অভিনয় থেকে কিছু সময় দূরে সরে গিয়েছিলেন তিনি। দেশে ফিরে তখন হাতে কাজ ছিল না।
.png.webp)
শেষ আপডেট: 5 September 2025 18:19
দ্য ওয়াল ব্যুরো: ওপার বাংলার জনপ্রিয় মুখ অভিনেত্রী অপু বিশ্বাস। বড় পর্দায় ঝলমলে নায়িকার চরিত্রে তাঁকে দর্শক যতটা দেখেছেন, ব্যক্তিগত জীবনে ততটাই লড়াই করেছেন তিনি। সাফল্য, খ্যাতি আর বিতর্ক— সব মিলিয়ে অপুর কেরিয়ার সবসময়েই আলোচনার কেন্দ্রে থেকেছে। শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা হোক বা ব্যক্তিগত সিদ্ধান্ত— বারবার খবরের শিরোনামে এসেছেন তিনি। কিন্তু খ্যাতির আড়ালে যে জীবনে কঠিন আর্থিক সংকটও এসে দাঁড়িয়েছিল, তা সম্প্রতি খোলাখুলিভাবে জানালেন অভিনেত্রী।
তিনি জানান, অনেক অভিনেতার জীবনেই এমন সময় আসে যখন কাজ কমে যায়, আর্থিক টানাপোড়েন শুরু হয়। জনপ্রিয় নায়িকাদেরও সে ক্ষেত্রে আলাদা কিছু নয়। তিনি নিজেও এক সময় এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন। তাঁর কথায়, "জীবনযাত্রার মান এক বার উন্নত হয়ে গেলে সেখান থেকে নামা কঠিন হয়ে যায়। অথচ কাজ না থাকলে সেই মান বজায় রাখাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।"

অভিনেত্রীর জীবনে এমনই এক অধ্যায় আসে ছেলে হওয়ার পর। মাতৃত্বের কারণে অভিনয় থেকে কিছু সময় দূরে সরে গিয়েছিলেন তিনি। দেশে ফিরে তখন হাতে কাজ ছিল না। কী করবেন বুঝে উঠতে না পেরে তখন আশ্রয় নিতে হয়েছিল নিজের সাধের গয়নার।
গয়না তাঁর বরাবরই প্রিয়। দেশে বা বিদেশে, যেখানে কাজ করতে যেতেন, সেখান থেকেই কিছু না কিছু সোনার গয়না সংগ্রহ করতেন। তাঁর আশা ছিল, শখের এই গয়নাগুলো শুধু রূপসজ্জার কাজেই আসবে। কিন্তু এক সময় জীবনই তাঁকে অন্য শিক্ষা দেয়। তাঁর কথায়, “এই সোনা যে কোনও দিন আমাকে বাঁচাবে, তা স্বপ্নেও ভাবিনি। কিন্তু পরিস্থিতির চাপে তখন বাধ্য হয়ে অনেক গয়না বিক্রি করতে হয়েছিল।” কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়! দুঃসময় কাটিয়ে উঠে এই মুহূর্তে দারুণ কাজ করছেন অপু। একই সঙ্গে সামলাচ্ছেন সংসার।