দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন অনুষ্কা শর্মা। বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে সোশ্যাল মিডিয়ায় হামেশাই ট্রেন্ডিং তিনি। ফেসবুক হোক বা টুইটার কিংবা ইনস্টাগ্রাম-বিরুষ্কা জুটি সব জায়গাতেই হিট।
গত কয়েকদিন ধরেও সোশ্যাল মিডিয়ায় হটকেক ছিলেন এই জোড়ি। বিরাটের সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন অনুষ্কা। আর সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছিলেন একের পর এক রোম্যান্টিক ছবি। আর সে সব দেখে নেটিজেনরা বলছিলেন, দিন দিন প্রেম বাড়ছে এই জুটির।
ফের সংবাদ শিরোনামে অনুষ্কা শর্মা। তবে এবার তিনি একাই। সম্প্রতি অনুষ্কা বলেছেন জীবনের বেস্ট ডিসিশনটা নিয়ে ফেলেছেন তিনি। কিন্তু কী সেই সিদ্ধান্ত? উত্তর খুঁজতে গিয়ে জানা গিয়েছে, আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন এই অভিনেত্রী। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন তিনি? সারাবছর জিমে পরিশ্রম করার পর যেখানে নায়িকাদের শরীরে প্রয়োজন প্রচুর পরিমাণ হাই প্রোটিন সেখানে আচমকা আমিষ খাওয়া কেন ছেড়ে দিলেন অনুষ্কা এ প্রশ্ন ঘুরছিল অনেকের মনেই।
অবশেষে সব সমস্যার সমাধান করলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি অনুষ্কা জানিয়েছেন, পশুপাখী বরাবরই তাঁর খুব কাছের এবং আদরের। তাঁদের সুরক্ষিত রাখতে নানা পদক্ষেপও নিয়ে থাকেন তিনি। কিছুদিন আগে নিজের ৩০ তম জন্মদিনে আহত ও বৃদ্ধ পশুদের সুরক্ষিত ভাবে বসবাসের জন্য মুম্বই থেকে কিছু দূরে পশুদের জন্য আশ্রয়স্থল বানানোর কাজও শুরু করেছেন অনুষ্কা। নিজের এ সব কাজের জন্য ২০১৭ সালের ডিসেম্বর মাসে 'PeTA 's Person of The Year' পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। এ বার PeTA India-র নিরামিষ খাবারের কর্মসূচির সমর্থনে আমিষ খাওয়াও ছেড়ে দিয়েছেন অনুষ্কা। তবে এ অভ্যাস অনুষ্কার আজকের নয়। সূত্রের খবর, প্রায় সাড়ে তিন বছর ধরে নিরামিষ খাবার খান অনুষ্কা।
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন অনুষ্কা। সেখানে তিনি লিখেছেন, "নিরামিষ খাওয়ার সিদ্ধান্ত আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত।" এর পাশপাশি অনুষ্কা লিখেছেন, "নিরামিষ খাবারের মাধ্যমে আমি আরও বেশি এনার্জি পাই। আরও সুস্থ থাকতে পারি।" তবে শুধু অনুষ্কাই নন, তালিকায় রয়েছেন আরও অনেকে। লারা দত্ত, সোনু সুদ, শাহিদ কাপুর, এষা গুপ্তা এবং আর মাধবনও PeTA India-র নিরামিষ খাবারের কর্মসূচির সমর্থনে বর্তমানে নিরামিষাশী।
https://twitter.com/AnushkaSharma/status/1021265223116869632