
শেষ আপডেট: 6 October 2023 20:17
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত অভিনেতা বিনোদ খান্নাকে নিয়ে স্মৃতিচারণ করলেন তাঁর বড় ছেলে অভিনেতা অক্ষয় খান্না। তারকাপুত্র হলেও বলিউডে তাঁর কেরিয়ার খুব একটা মসৃণ নয় কোনওদিনই। বরং অভিনয় করে যতটুকু অর্জন করেছেন, সম্পূর্ণটাই নিজের কৃতিত্বে। তারমধ্যে নিজের বাবার সঙ্গে একবারই অভিনয় করেছেন অক্ষয়। এরপর আর কখনও একসঙ্গে পর্দায় দেখা যায়নি পিতা-পুত্রকে। কিন্তু কেন? অক্ষয় জানিয়েছেন, তিনি নিজেই তাঁর বাবার সঙ্গে দ্বিতীয়বার কাজ করতে চাননি।
১৯৯৭ সালে ‘হিমালয় পুত্র’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন অক্ষয়। আর প্রথম ছবিতেই তিনি অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তাঁর সুপারস্টার বাবা বিনোদ খান্নার সঙ্গে। সেই প্রথম আর সেই শেষ। এরপর আর কখনও বিনোদের সঙ্গে কাজ করতে চাননি অক্ষয়। এই না চাওয়ার পিছনে নিজের যুক্তিও দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, “কিছু মানুষ আছেন, যাঁদের সঙ্গে কাজ করতে নেই। আমার বাবা তাঁদের মধ্যে একজন। ওঁর সামনে আত্মবিশ্বাস নিয়ে পর্দায় দাঁড়ানো অসম্ভব।”
অক্ষয়ের এই যুক্তি একেবারেই তাচ্ছিল্য করার মতো নয়। নিজের প্রাইম টাইমে বিনোদ খান্না এত বড় অভিনেতা ছিলেন যে, এক পর্যায়ে গিয়ে তিনি অমিতাভ বচ্চনকেও রীতিমতো টেক্কা দিয়েছেন। কিন্তু সেই জায়গা তিনি নিজেই ছেড়ে এসেছিলেন। কিন্তু জাত অভিনেতা তো আর অভিনয় ভুলে যেতে পারেন না। বিনোদের ক্ষেত্রেও তেমনই। সেই প্রসঙ্গে অক্ষয় আরও বলেন, “বড়পর্দায় কিছু অভিনেতার উপস্থিতি সবার থেকে উজ্জ্বল হয়ে ওঠে একার কৃতিত্বে। আমার বাবা সেরকমই একজন অভিনেতা।”