
শেষ আপডেট: 23 January 2023 13:33
দ্য ওয়াল ব্যুরো: ছোটদের জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা চলছে বেশ কিছুদিন ধরেই। গোটা দেশের নানা প্রান্ত থেকে এসেছে প্রতিভাধর খুদেরা। তাদের গানে মুগ্ধ দর্শককুল! এখন আর শুধু নির্দিষ্ট সময়ের শো দেখার অপেক্ষা নয়, এপিসোডগুলির বিশেষ প্রতিযোগীদের গান চ্যানেলের তরফে প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়াতেও। সেখানেই বেশি ভাইরাল হয় তারা।
সদ্য শেষ হওয়া সারেগামাপা-য় এমনই এক ভাইরাল শিশুশিল্পী জেটশেন দোনা লামা (Jetshen Dohna Lama)। ধীরস্থির শান্ত স্বভাবের বাচ্চাটির কথা শুনলে কারও বোঝার উপায় নেই, তার গানের মধ্যে কী লুকিয়ে আছে। একের পর এক চড়াসুরের গানে সবাইকে মুগ্ধ করেছিল সে। এবারের সারেগামাপা (Sa Re Ga Ma Pa)-য় চ্যাম্পিয়ন (champion) হল সেই ছোট্ট জেটশেন।
রবিবারই 'সারেগামাপা লিটল চ্যাম্প সিজন ৯'-এর গ্র্যান্ড ফিনালে ছিল। সেখানে বিজয়ী হল সিকিমের এই আশ্চর্য প্রতিভা। ১০ লাখ টাকার প্রাইজমানিও জিতেছে সে।
বিজয়ী জেটশেন দোনা লামার বয়স মাত্র নয় বছর। তার পরিবার জানিয়েছিল, তিন বছর বয়স থেকে গান শিখছে জেটশেন। বিজয়ী হওয়ার পর সে বলেছে, "আমার ক্ষেত্রে বিষয়টা স্বপ্নপূরণ হওয়ার মতো। এখনও যেন বিশ্বাস হচ্ছে না।"
১০ লাখ টাকার যে প্রাইজ মানি পেল, তা দিয়ে কী করতে চায় জেটশেন? উত্তরে সে জানিয়েছে, "‘প্রথমে আমি সিকিমে গিয়ে নিজের পড়াশোনা শেষ করতে চাই। সঙ্গে গান গাওয়াও চালিয়ে যেতে হবে। এছাড়াও একটি কুকুরছানা কেনার ইচ্ছা আছে।"
জেটসেনকে এই রিয়্যালিটি শো-এর অন্যতম বিচারক তথা বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী অনু মালিক 'মিনি সুনিধি চৌহান' বলে ডাকতেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জেটসেন জানিয়েছে, "সুনিধি চৌহানের সঙ্গে গান গাওয়ার স্বপ্ন বহুদিনের। আশা করি খুব শিগগিরই সেটা পূরণ হবে।"