পাকিস্তান যদি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিত, তাহলে তাদের প্রায় প্রায় ১.৪ বিলিয়ন ডলার ক্ষতি হত।

পাকিস্তান
শেষ আপডেট: 18 September 2025 16:03
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার নানা নাটকের পর এশিয়া কাপ বয়কটের পথ থেকে সরে এসে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামে পাকিস্তান। করমর্দন বিতর্কের পর পাকিস্তান অভিযোগের আঙুল তুলেছিল ভারত-পাকিস্তান ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকে। তাদের অভিযোগ ছিল, পাইক্রফটের নির্দেশেই ভারতীয় ক্রিকেটাররা সলমন আঘাদের সঙ্গে করমর্দন করেননি। তাই পাইক্রফটকে এশিয়া কাপ থেকে অপসারণ করা হোক।
পাইক্রফটের অপসারণ নিয়ে পাকিস্তান চিঠি পাঠিয়েছিল আইসিসিকে। কিন্তু নিজেদের অবস্থানে অনঢ় থেকে আইসিসি ও এশিয়া ক্রিকেট কাউন্সিল মঙ্গলবারের পাকিস্তান-আমিরশাহি ম্যাচে ম্যাচ রেফারি হিসাবে পাইক্রফটকেই রেখে দেন। এরপর পাকিস্তান জানিয়ে দেয় তারা এশিয়া কাপ বয়কট করবে। তবে, নাটক এখানেই শেষ হয়নি। ইউ টার্ন নিয়ে পাকিস্তান পরে জানায়, তারা এশিয়া কাপ বয়কট করছে না (Pakistan's U-turn in the Asia Cup)।
এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, পাকিস্তান বয়কটের পথ থেকে সরে দাঁড়াল কেন? পাকিস্তানের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, পাইক্রফট তাদের কাছে ক্ষমা চেয়েছেন, তাই তারা বয়কটের পথ থেকে সরে গিয়েছেন। যদিও আইসিসি জানিয়েছে, এরকম কোনও ঘটনা ঘটেনি। সূত্র বলছে, এর পিছনে রয়েছে অন্য কারণ। আর সেটা হল এশিয়া কাপ থেকে পাকিস্তান সরে দাঁড়ালে সে দেশের ক্রিকেট বোর্ডকে প্রচুর আর্থিক ক্ষতির (Financial Loss) সম্মুখীন হতে হতো। তাই পিসিবি (PCB) এই সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান যদি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিত, তাহলে তাদের প্রায় প্রায় ১.৪ বিলিয়ন ডলার ক্ষতি হত।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) তার বার্ষিক আয়ের ৭৫ শতাংশ এই মহাদেশের পাঁচটি টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের সঙ্গে ভাগ করে নেয়। প্রতিটি দেশ আয়ের ১৫ শতাংশ পায়। বাকি ২৫ শতাংশ সহযোগী সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই রাজস্ব বিভিন্ন উৎস থেকে আসে, যার মধ্যে রয়েছে সম্প্রচার অধিকার (টিভি এবং ডিজিটাল), স্পনসরশিপ এবং টিকিট বিক্রি। শুধুমাত্র এশিয়া কাপ থেকেই পিসিবির জন্য প্রায় ১২ থেকে ১৬ মিলিয়ন মার্কিন ডলার (১৪০ কোটি টাকা) আয় হওয়ার কথা ছিল। অতএব, যদি পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াত, তাহলে এটি একটি বড় আর্থিক ধাক্কা হতে পারত তাদের কাছে।