
শতরানের পর উচ্ছ্বাস তিলক বর্মার
শেষ আপডেট: 16 November 2024 13:10
দ্য ওয়াল ব্যুরো: চার ম্যাচের টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হৈ-হৈ করে হারাল ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়া ৩-১ ব্যবধানে জয়লাভ করল। পাশাপাশি সিরিজের অন্তিম তথা চতুর্থ টি-২০ ম্যাচে ১৩৫ রানে জিতল ভারত।
চতুর্থ ম্যাচে সেরার পুরস্কার তিলক বর্মার হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও তাঁকেই দেওয়া হল। পুরস্কার গ্রহণ করতে এসে তিলক বললেন, 'গত বছর আমি যখন এখানে খেলতে এসেছিলাম, সেইসময় প্রথম বলেই আউট হয়ে যাই। সেই জায়গা থেকে আজকের এই ইনিংসটা আমার কেরিয়ারে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আমি নিজের ছন্দটা ধরে রাখতে চেয়েছিলাম। নিজেই নিজেকে অনুপ্রাণিত করছিলাম। আর ব্যাকরণ মেনে ক্রিকেটটা খেলে গিয়েছি।'
এই সিরিজে জোড়া শতরান করেছেন তিলক। তৃতীয় টি-২০ ম্যাচে তিনি ১০৭ রানে অপরাজিত ছিলেন। আর সিরিজের শেষ ম্যাচে ৪৭ বলে অপরাজিত ১২০ রান করেন।
এই প্রসঙ্গে তিলক বললেন, 'আমি কোনওদিন কল্পনাই করতে পারিনি যে পরপর দুটো ম্যাচে শতরান করতে পারব। সেটাও আবার দক্ষিণ আফ্রিকার উইকেটে। এই মুহূর্তে মনের ভিতরে যে কী চলছে, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি ঈশ্বর এবং আমার অধিনায়ক সূর্যকুমার যাদবকে ধন্যবাদ জানাতে চাই।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'চোটের কারণে গত কয়েকমাস আমি খেলতে পারিনি। তবে গোটা প্রক্রিয়ার উপর আমার ভরসা ছিল। তাই যখন শতরান করলাম, তখন ভগবানকেই ধন্যবাদ জানালাম।'