
টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন
শেষ আপডেট: 20 December 2024 16:47
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। গাব্বা টেস্ট ম্যাচ ড্র হওয়ার পরই সাংবাদিক বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। এবার প্রশ্ন হল, অশ্বিন অবসর গ্রহণের কারণে টিম ইন্ডিয়ায় যে শূন্যস্থান তৈরি হল, সেটা কে পূরণ করবেন?
একথা বলে দেওয়ার দরকার নেই যে ভারতীয় ক্রিকেট দলে একটা জায়গায় জন্য একাধিক ক্রিকেটার লাইনে অপেক্ষা করেন। অশ্বিন অবসর গ্রহণের পরও তেমনই দৃশ্য দেখতে পাওয়া যাবে, সেটাই স্বাভাবিক। এই তালিকায় মোট ৩ ক্রিকেটারের নাম রয়েছে। আসুন, তাঁদের সম্পর্কে আলোচনা করা যাক।
এই তালিকায় সবার উপরে রয়েছে সারাংশ জৈনের নাম। সারাংশ একজন অফ স্পিনার। মধ্যপ্রদেশের হয়ে তিনি ঘরোয়া ক্রিকেট খেলেন। এখনও পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট ৪০ টি ম্যাচ খেলেছেন। ২৬-এর ব্যাটিং গড়ে তিনি মোট ১,৪২৫ রান করেন। পাশাপাশি বল হাতে ১২৩ ব্যাটারকে তিনি প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রতি ম্যাচে তিনি গড়ে তিনটে করে উইকেট শিকার করেন। অর্থাৎ, সারাংশকে যদি টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি শুধুমাত্র উইকেটই শিকার করতে পারবেন না, অলরাউন্ডারের ভূমিকাও পালন করতে পারেন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তনুশ কোটিয়ানের নাম। তনুশ মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর রেকর্ড যথেষ্ট নজরকাড়া। অশ্বিনের মতো তনুশও একজন অফ-স্পিনার। ৩৩ ম্যাচে তিনি ১০১ উইকেট শিকার করেছেন। পাশাপাশি ৪১-এর ব্যাটিং গড়ে তিনি মোট ১,৫২৫ রানও করেছেন। সবথেকে বড় কথা, সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে তিনি ভারতীয় এ দলের সদস্য়ও ছিলেন। এই পরিস্থিতিতে অশ্বিনের বিকল্প হিসেবে তাঁকে টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া যেতেই পারে।
এই নামটার সঙ্গে তো আপনারা সকলেই বেশ পরিচিত। প্রায় তিন বছর পর তিনি ভারতীয় টেস্ট ক্রিকেটে কামব্যাক করেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ভারতীয় উইকেটে বেশ ভাল পারফরম্যান্সও করেছিলেন। ২৫ বছর বয়সি সুন্দর এখনও পর্যন্ত মোট সাতটি টেস্ট ম্যাচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ২৪ উইকেট শিকারের পাশাপাশি মোট ৩৮৭ রানও করেছেন। যদি টিম ইন্ডিয়া খুব বেশি একটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে না চায়, তাহলে অবশ্যই টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুন্দরকে আগামীদিনে দেখা যেতে পারে।
এবার আপনারা জানাতে পারেন, এই ব্যাপারে আপনারা কী মনে করছেন। অশ্বিনের পরিবর্তে কোন ক্রিকেটারকে আপনারা টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে দেখতে চান? কমেন্ট করে নিজেদের মতামত জানাতে পারেন।