হঠাৎ করেই অধিনায়কের দৌড়ে চলে এসেছেন শুভমান গিলের নাম। যদিও তিনি টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডের নিয়মিত সদস্য নন।

শুভমান গিল
শেষ আপডেট: 6 August 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ারইংল্যান্ড সফর সমাপ্ত হয়েছে। দেশে ফিরছেন ভারতীয় দলের সদস্যরা। এখন ভারতরে সামনে পরবর্তী চ্যালেঞ্জ এশিয়া কাপ (Asia Cup 2025)। ভারত এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এখন দেখার আসন্ন এই ট্রফির জন্য ভারতীয় দলে কারা কারা সুযোগ পান।
রোহিত শর্মা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে টিম ইন্ডিয়ার অধিনায়ক এখন সূর্যকুমার যাদব। স্কাইয়ের নেতৃত্বে টিম ইন্ডিয়ার পরিসংখ্যানও যথেষ্ট নজরকাড়া। পাশাপাশি সূর্য এই সংস্করণে ক্রিকেট-বিশ্বের অন্যতম বিপজ্জনক ক্রিকেটার। যদিও বোর্ড সূত্রে জানা গিয়েছে, স্পোর্টস হার্নিয়া অপারেশনের পর সূর্য এখন রিহ্যাবে রয়েছেন। তাই তিনি এশিয়া কাপে খেলতে পারবেন কি না সেই নিয়ে প্রশ্ন থাকছে।
সূর্য যদি একান্তই না খেলেন, তবে অধিনায়ক কে হবেন, এটাই এখন নির্বাচকদের (BCCI Selection Board) কাছে বড় মাথাব্যথা। দৌড়ে আছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সূর্যর আগে তিনি টি-টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়কও ছিলেন। কিন্তু তিনি চোটপ্রবণ।
এদিকে, হঠাৎ করেই অধিনায়কের দৌড়ে চলে এসেছেন শুভমান গিলের নাম (Shubman Gill)। যদিও তিনি টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডের নিয়মিত সদস্য নন। পাঞ্জাবের এই তরুণ তুর্কি সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে প্রথমবারের মতো টেস্টে জাতীয় দলের অধনিয়াকত্বের দায়ভার সামলেছেন। আর প্রথম সিরিজেই অধিনায়ক গিল লেটার মার্কস নিয়ে পাশ করেছেন। কথা বলেছে তাঁর ব্যাটও। সিরিজের সর্বোচ্চ স্কোরার হওয়ার পাশাপাশি গড়েছেন প্রচুর রেকর্ডও। তাই এশিয়া কাপে তাঁকেই হয়তো করা হতে পারে অধিনায়ক।
ইংল্যান্ড সফরে নজর কেড়েছেন ওপেনার যশস্বী জয়সওয়ালও। শেষ আইপিএলেও তিনি দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। তিনিও এশিয়া কাপের দলে সুযোগ পেতে পারেন বলে জানা গিয়েছে। শেষ আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাই সুদর্শন। ইংল্যান্ড সফরে সাফল্য না পেলেও তিনিও রয়েছেন নির্বাচকদের নজরে। সূত্র মারফত জানা গিয়েছে, তিলক বর্মা ও অভিষেক শর্মার দলে স্থান পাকা। উইকেটরক্ষকের দৌড়ে রয়েছেন সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল ও ইশান কিশান।
ব্যাটিং বিভাগ নিয়ে কোনও চিন্তা না থাকলেও সমস্যা রয়েছে বোলিং ব্রিগেড নিয়ে। জসপ্রীত বুমরাহ এশিয়া কাপে খেলবেন, নাকি ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে ব্যবহার করা হবে, সেই নিয়ে দোটানায় রয়েছেন অজিত আগরকর অ্যান্ড কোং। সেই সঙ্গে প্রশ্ন রয়েছে মহম্মদ সিরাজকে নিয়েও। তাঁকে এশিয়া কাপের দলে না রেখে বিশ্রাম দেওয়ার চিন্ত-ভাবনা নির্বাচকদের মাথায় রয়েছে বলে জানা গিয়েছে। তবে কুলদীপ যাদব, অর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর দলে থাকছেন, এটা নিশ্চিত।