
কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান
শেষ আপডেট: 24 November 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো : আর খুব বেশি সময় বাকি নেই। বেলা সাড়ে তিনটে থেকে শুরু হতে চলেছে ২০২৫ আইপিএল টুর্নামেন্টের মেগা অকশন। ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে এই নিলাম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। জানিয়ে রাখা ভাল, এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল নিলাম অনুষ্ঠান ভারতের বাইরে আয়োজন করা হচ্ছে।
এবারের নিলাম অনুষ্ঠানে নতুন করে দল সাজাতে চায় কলকাতা নাইট রাইডার্স। সমর্থকদের মনে মেগা অকশন নিয়ে যেমন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তেমনই দলের অন্যতম মালিক শাহরুখ খান এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা, তা জানতেও অনেকে কৌতূহল প্রকাশ করেছেন।
গত ৩১ অক্টোবর ২০২৫ আইপিএল টুর্নামেন্টের রিটেনশন তালিকা প্রকাশ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এই তালিকায় নাম ছিল ৬ ক্রিকেটারের। তাঁরা হলেন - রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রমনদীপ সিং এবং হর্ষিত রানা।
সবথেকে আশ্চর্য্যের বিষয়, দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দেওয়া হয়েছে। ফলে কলকাতা নাইট রাইডার্স দলের আগামী অধিনায়ক কে হতে পারেন, তা নিয়ে যে দড়ি টানাটানি চলবে, তা চোখ বন্ধ করে বলা যায়। দৌড়ে এগিয়ে রয়েছেন ঋষভ পন্থ এবং কেএল রাহুল। শেষপর্যন্ত কোন ক্রিকেটারের ভাগ্যে শিকে ছেঁড়ে, সেটাই দেখার।
এবার প্রশ্নের উত্তরে আসা যাক। আসলে, আইপিএল টুর্নামেন্ট চলাকালীন বলিউডের বাদশা শাহরুখ খানকে প্রায় প্রতি ম্য়াচেই কলকাতা নাইট রাইডার্সের ভিআইপি স্ট্যান্ডে দেখতে পাওয়া যায়। তিনি একা আসেন না, সঙ্গে পরিবার এবং বন্ধুবান্ধবও থাকে। এমনকী, গত ২৬ মে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি সপরিবারে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এসেছিলেন। ট্রফি নিয়ে তিনি গোটা মাঠও প্রদক্ষিণ করেন। সম্প্রতি শোনা গিয়েছিল, আরিয়ান এবং সুহানার সঙ্গে শাহরুখ খানকেও এবার নিলাম টেবিলে দেখতে পাওয়া যাবে। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি।