
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ঠাঁই হল না সঞ্জু স্যামসনের
শেষ আপডেট: 18 January 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার অভিযান শুরু হবে। এই টুর্নামেন্টে এ গ্রুপে রাখা হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। সঙ্গে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে দুবাইয়ে প্রথম ম্যাচ খেলতে নামবে। তবে টিম ইন্ডিয়ার স্কোয়াডে আরও একবার ব্রাত্য করে রাখা হল ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসন। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনি তিনটে শতরান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজে স্যামসনের চওড়া ব্যাট থেকে জোড়া শতরান দেখতে পাওয়া গিয়েছিল। এর পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধেও তিনি একটি শতরান করেছিলেন।
পাশাপাশি একদিনের ক্রিকেটেও সঞ্জু স্যামসনের রেকর্ড নেহাতই খারাপ নয়। তিনি ১৬ ম্য়াচের ১৪ ইনিংসে ৫৬.৬৭ ব্যাটিং গড়ে মোট ৫১০ রান করেছেন। এরমধ্যে একটি সেঞ্চুরি এবং তিনটে অর্ধশতরান রয়েছে। এমনকী, শেষ একদিনের ম্যাচেও সঞ্জু শতরানই করেছিলেন। এরপরও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে তাঁকে সুযোগ দেওয়া হল না।
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।