প্রধান কোচ গৌতম গম্ভীর এই ইস্যুতে বাস্তববাদী। বলেছেন, ‘ওডিআই বিশ্বকাপ এখনও দু’বছর দূরে। এখনই ভবিষ্যৎ নিয়ে ভাবলে ভুল হবে। ওরা দু’জনেই মান্য খেলোয়াড়!'

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 17 October 2025 18:20
দ্য ওয়াল ব্যুরো: রাফায়েল নাদালের (Rafael Nadal) অবসর মুহূর্তটা টেনিসের অন্যতম চিরন্তন ছবি। দর্শকদের চোখের পাতা ভিজে উঠেছে, করতালিতে ভরে উঠেছে কোর্ট আর আবেগে থমকে যাচ্ছে সময়। প্রাক্তন ক্রিকেটার মদন লালের (Madan Lal) মতে, ঠিক এই সম্মানই প্রাপ্য রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli)।
দু’জনেই টেস্ট ও টি–২০ থেকে বিদায় নিয়েছেন। এখন শুধু ওয়ানডে (ODI) ফরম্যাটে খেলছেন। তাই প্রশ্ন উঠছে—আর কতদিন? ২০২৭ সালের (ICC ODI World Cup 2027) বিশ্বকাপেও কি দেখা যাবে তাঁদের?
এই অনিশ্চয়তার আবহে প্রাক্তন অলরাউন্ডারের মন্তব্য—‘রোহিত আর বিরাটের এখনও অনেক ক্রিকেট বাকি। ওদের এমন ফেয়ারওয়েল প্রাপ্য, যা দেখে সারা দেশ কাঁদবে—ঠিক যেমনটা হয়েছিল নাদালের শেষ ম্যাচে। ভারতীয় ক্রিকেটকে ওদের সেই সম্মান দিতেই হবে। ওদের মতো ক্রিকেটার এক প্রজন্মে একবারই জন্মায়!’
‘ক্রিকেট প্রেডিক্টা’-র (Cricket Predicta) অনুষ্ঠানে মদনলাল আরও বলেন, ‘বিরাট এখন এমন এক পর্বে, যেখানে ওর দরকার মানসিক দৃঢ়তা। ও নিজের সবটা উজাড় করে দিয়েছে—প্যাশন, ফিটনেস, খিদে—সবকিছু দিয়ে নতুন মাপকাঠি স্থির করেছে। টেস্ট থেকে অবসরের খবরে আমি অবাক হয়েছিলাম। কিন্তু খেলা থেকে সরে দাঁড়ানো সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত!’
যদিও প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই ইস্যুতে বাস্তববাদী। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সফর শেষে বলেন, ‘ওডিআই বিশ্বকাপ এখনও দু’বছর দূরে। এখনই ভবিষ্যৎ নিয়ে ভাবলে ভুল হবে। ওরা দু’জনেই মান্য খেলোয়াড়। ওদের অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সফরে (India vs Australia ODI Series 2025) দলের বড় সম্পদ। আশা করি, ভালো খেলবে, জিতবে দলও!’
একই সুর শোনা গিয়েছে প্রধান নির্বাচক অজিত আগরকরের (Ajit Agarkar) গলাতেও। অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণার সময় যিনি বলেন, ‘এই মুহূর্তে ওডিআই-ই ওদের খেলার ফরম্যাট। আমরা সেই হিসেবেই দল বেছেছি। কিন্তু ২০২৭ বিশ্বকাপের কথা এখনই ভাবার সময় নয়। আপাতত টিমের দিকেই মন দেওয়া জরুরি!’