
উইকেট শিকারের পর রবীন্দ্র জাদেজার উচ্ছ্বাস
শেষ আপডেট: 1 October 2024 13:16
দ্য ওয়াল ব্যুরো: কানপুর টেস্টে ভারতীয় ক্রিকেট দল আপাতত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এই ম্যাচের শেষ দিনে ভারতীয় বোলাররা ধামাকাদার পারফরম্যান্স করলেন। অশ্বিন থেকে বুমরাহ, ভারতীয় বোলারদের দাপটে কার্যত কোনঠাসা হয়ে যান বাংলাদেশি ব্যাটাররা।
তবে আলাদা করে নজর কাড়লেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁর স্পিন বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটাররা কার্যত নতিস্বীকার করে নেন।
চতুর্থদিন প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা মাত্র একটাই উইকেট শিকার করতে পেরেছিলেন। কিন্তু, দ্বিতীয় ইনিংসে তাঁকে একেবারে অন্য মেজাজে দেখতে পাওয়া গেল। একের পর এক বাংলাদেশের উইকেট শিকার করে প্রতিপক্ষকে তিনি ব্যাকফুটে ঠেলে দেন। দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ১৪ বলে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তো জাদেজার বল বুঝতেই পারলেন না। ক্লিন বোল্ড হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।
কানপুর টেস্টের চতুর্থ দিন রবীন্দ্র জাদেজা একটাই মাত্র উইকেট শিকার করলেও, তিনি স্পেশাল রেকর্ড দাখিল করে ফেললেন তিনি। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে জাদেজা ৩০০ উইকেট শিকারের পাশাপাশি ৩,০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন। পাশাপাশি, এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এই রেকর্ড কায়েম করেছেন। অন্যদিকে, জাদেজা প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮ রান করেন। ইতিপূর্বে চেন্নাই টেস্ট ম্যাচে তাঁর ব্যাট থেকে ঝকঝকে হাফসঞ্চুরি বেরিয়ে এসেছিল।
দ্বিতীয় ইনিংসে জাদেজার এই দুরন্ত পারফরম্যান্সের দৌলতে টিম ইন্ডিয়ার জয় আপাতত সময়ের অপেক্ষা। জাদেজা ১০ ওভারে ৩৪ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেন। আর বাংলাদেশ ১৪৬ রানেই অলআউট হয়ে যায়। এই ম্যাচ জিততে হলে টিম ইন্ডিয়াকে ৯৫ রান করতে হবে। জাদেজা ছাড়াও বুমরাহ এবং অশ্বিন তিনটে করে উইকেট শিকার করেছেন।