
প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 October 2024 16:52
দ্য ওয়াল ব্যুরো: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে বড়সড় রদবদল আসতে পারে। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট প্রোমোট করার জন্য়ই এই নিয়ম বদল করা হতে পারে বলে জানা গিয়েছে। এই ব্যাপারে আইসিসি ইতিমধ্যেই নিজের মত পোষন করেছে। এই নতুন নিয়ম যদি চালু করা হয় তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে কমপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করতে হয়। পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে নতুন বল সংক্রান্ত নিয়মেও বড়সড় পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে বোলাররা আলাদা করে সুবিধা পেতে পারেন। মোদ্দা কথা, ক্রিকেটের রোমাঞ্চ আগের থেকে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি দুবাইয়ে আইসিসি-র একটি বোর্ড মিটিং আয়োজন করা হয়েছিল। এই মিটিং চলাকালীন আইসিসি বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি খবর অনুসারে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পিঙ্ক বল টেস্টের আয়োজন করা যেতে পারে। অর্থাৎ দিন-রাতের টেস্ট ম্য়াচ আয়োজন করা হতে পারে। সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটের বিশেষ প্রচার সম্ভব হবে। পাশাপাশি একটি সাইকেলে কমপক্ষে তিন ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা যেতে পারে।
আপনারা যদি স্টেটসের দিকে তাকান, তাহলে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড প্রচুর টেস্ট সিরিজ খেলে। এই দলগুলো তিন কিংবা পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলে থাকে। কিন্তু নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার পরিস্থিতি কিন্তু তেমন নয়। এই দলগুলো অধিকাংশ সময়ই দুই ম্য়াচের টেস্ট সিরিজ খেলে থাকে। আর সেই প্রভাবটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলের উপর পড়ে। এই দলগুলো সঠিকভাবে পয়েন্ট অর্জন করতে পারে না। সেকারণে প্রতিটা দলকেই কমপক্ষে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে হবে।
টেস্ট ক্রিকেটের পাশাপাশি ওয়ানডে ক্রিকেট নিয়েও আইসিসি বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে। ওয়ানডে ম্য়াচের প্রথম ২৫ ওভারের মধ্যে দুটো নতুন বল ব্যবহার করতে হবে। এরপর একটা বলেই খেলতে হবে বাকি ম্যাচ। এতদিন পর্যন্ত ইনিংস শুরু হওয়ার সময়ই উইকেটের দুই প্রান্ত থেকে নতুন বল ব্যবহার করা হত। কিন্তু, সেক্ষেত্রে চামড়ার বল দ্রুত পুরনো হয়ে যেত। শেষের দিকে বলে আর কোনও চকচকে দিকটাই থাকত না। এবার এই নিয়মটা পরিবর্তন করা হতে পারে।