
মহম্মদ সামির প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন জসপ্রীত বুমরাহ
শেষ আপডেট: 21 November 2024 12:42
দ্য ওয়াল ব্যুরো: পারথে বর্ডার-গাভাসকার ট্রফির প্রথম টেস্ট ম্যাচের জন্য একেবারে প্রস্তুত ভারতীয় ক্রিকেট দল। আগামী ২২ থেকে ২৬ নভেম্বর প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করা হচ্ছে। রোহিত শর্মার অনুপস্থিতিতে প্রথম টেস্ট ম্যাচে জসপ্রীত বুমরাহ টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন।
তবে এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক জসপ্রীত বুমরাহ একটি সাংবাদিক বৈঠক করলেন। সেখানেই তিনি টিম ইন্ডিয়ায় মহম্মদ সামির কামব্যাক প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন।
প্রেস কনফারেন্সে মহম্মদ সামির প্রত্যাবর্তন প্রসঙ্গে জসপ্রীত বুমরাহ জানালেন, টিম ইন্ডিয়ার এই তারকা পেসার দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। উনি একজন বড় মাপের খেলোয়াড়। তবে সামি আবারও বোলিং শুরু করেছেন। টিম ম্য়ানেজমেন্ট ওঁর উপরে কড়া নজর রাখছে। আশা করা হচ্ছে, আপনারা এই সিরিজেই ওঁকে দেখতে পাবেন।
গত এক বছর মহম্মদ সামিকে ভারতীয় ক্রিকেট দলে দেখতে পাওয়া যায়নি। ওঁর হাঁটুতে চোট লেগেছিল। সার্জারির পর সম্পূর্ণ সেরে উঠতে সামির অনেকটাই সময় লেগেছে। পাশাপাশি সামি নিজেও যথেষ্ট পরিশ্রম করেছেন। এবার তিনি টিম ইন্ডিয়ায় কামব্যাকের অপেক্ষা করছেন। সম্প্রতি রনজি ট্রফিতে বেশ ভাল পারফরম্য়ান্স করেছেন সামি। বাংলা ক্রিকেট দলের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে তিনি মোট ৭ উইকেট শিকার করেছেন।